মার্কিন রণতরীতে আঘাত হানার হুঁশিয়ারি ইরানি গার্ডের
উপসাগরের মার্কিন রণতরীতে স্বল্প-পাল্লার ইরানি ক্ষেপণাস্ত্র সহজেই আঘাত হানতে পারে এবং যুক্তরাষ্ট্রের নতুন আরেকটি যুদ্ধ চালানোর সামর্থ্য নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর উপ-প্রধান।
আধা-সরকারি বার্তা সংস্থা শুক্রবার একথা জানিয়েছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর করা এবং ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে টান টান উত্তেজনার মধ্যে ইরানের এ হুঁশিয়ারি এল।
যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনকে ইরান মনস্তাত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোরকম আলোচনার সম্ভাবনাও নাকচ করেছে।
শুক্রবার দেওয়া হুঁশিয়ারিতে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর পার্লামেন্ট বিষয়ক উপ-প্রধান মোহাম্মদ সালেহ জোকার বলেছেন, “আমাদের স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র খুব সহজেই পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীতে আঘাত হানতে পারে।”
তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্র আরেকটি নতুন যুদ্ধে খরচ চালাতে পারবে না। তাছাড়া, দেশটি জনবল এবং সামাজিক অবস্থার দিক থেকেও খারাপ অবস্থার মধ্যে আছে।”
সালেহ জোকারের এ হুঁশিয়ারি ছাড়াও ইরানের এক সামরিক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অসৎ বলে অভিযোগ করেছেন বলে জানিয়েছে আধা-সরকারি বার্তা সংস্থা মেহের।
