২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবর্জনা নিয়ে বিরোধ, কানাডা থেকে রাষ্ট্রদূত ফেরাল ফিলিপিন্স

আবর্জনা নিয়ে কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়েছে কানাডা ও ফিলিপিন্স। এরই মধ্যে কানাডা থেকে নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে ফিলিপিন্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2019, 07:32 PM

Updated : 08 Apr 2022, 04:11 PM

ম্যানিলা ইন্টারন্যাশনাল কনটেইনার বন্দরে জাহাজে করে কানাডার ফেলে যাওয়া আবর্জনা নিয়ে এ বিরোধ সৃষ্টি হয়। আবর্জনাগুলো রিসাইকেল বা পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য লেবেল লাগানো থাকলেও সেগুলো আসলে তা ছিল না।

আবর্জনার ওই কন্টেইনারগুলো ফেলা হয়েছিল ২০১৩ এবং ২০১৪ সালের মধ্যে। বিষয়টি নিয়ে তখনই কানাডার কাছে আপত্তি জানিয়েছিল ফিলিপিন্স। ম্যানিলা জানিয়েছিল, আবর্জনার ওই কন্টেইনারগুলোতে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আছে বলে লেবেল লাগানো থাকলেও সেগুলো আসলে গৃহস্থালি কাজের টন টন আবর্জনায় ভর্তি ছিল।

অবর্জনাগুলো সরিয়ে ফেলতে এরপর কানাডাকে সময়সীমা বেঁধে দেয় ফিলিপিন্স। কিন্তু ১৫ মে তে সে সময়সীমা পেরোনোর পরও আবর্জনাগুলো কানাডা সরায়নি বলে জানিয়েছেন ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী। এর পরই বুধবার রাতে কানাডা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায় ফিলিপিন্স।

এক টুইট বার্তায় ফিলিপিন্সের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী টেডি লকসিন জুনিয়র বলেন, “মধ্যরাতে কানাডায় আমাদের রাষ্ট্রদূত ও কনসালদের ডেকে পাঠানোর চিঠি পৌঁছেগেছে। কানাডা বেঁধে দেওয়া সময় পার করে দিয়েছে। আবর্জনাবাহী জাহাজ কানাডা অভিমুখে যাত্রা না করা পর্যন্ত আমরা সেখানে কূটনৈতিক উপস্থিতি কম করে রাখব।”

ওদিকে, ম্যানিলায় কানাডার দূতাবাস বিবিসি’কে জানিয়েছে, তারা কানাডীয় বর্জ্য ফেরত নেওয়ার একটি প্রস্তাব দিয়েছে এবং এ বর্জ্য যত দ্রুত সম্ভব ফিরিয়ে  নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে তারা ফিলিপিন্সের সঙ্গে কাজ করছে।

এর আগে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে কানাডার কড়া সমালোচনা করেছিলেন। বলেছিলেন, তাদের দেশকে ভাগাড়ে পরিণত করেছে কানাডা। এগুলো সরিয়ে নেওয়া না হলে তিনিই এগুলো জাহাজে করে কানাডায় ফেরত পাঠাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন দুতের্তে।