২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তির ‘কিছু প্রতিশ্রুতি’ স্থগিত করল ইরান

ছয় বিশ্ব শক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে চার বছর আগে দেয়া কিছু প্রতিশ্রুতির বাম্তবায়ন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের আনবিক শক্তি সংস্থার এক কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2019, 04:55 PM

Updated : 08 Apr 2022, 04:11 PM

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের কাছ থেকে এ সংক্রান্ত নির্দেশ পাওয়ার পরপরই সিদ্ধান্তটি কার্যকর হয়, বুধবার ইরানি বার্তা সংস্থা ইসনাকে এমনটিই বলেছেন তিনি।

গত সপ্তাহে তেহরান পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ৫ দেশ চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাজ্যকে ‘কিছু প্রতিশ্রুতি’ থেকে সরে আসার বিষয়টি জানিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের চুক্তিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার এক বছর পর ইরান এ পদক্ষেপ নিল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান সর্বোচ্চ ৩০০ কেজি কম-সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারতো; ভারি পানির মজুদ রাখতে পারতো সর্বোচ্চ ১৩০ টন।

নির্ধারিত সীমার বেশি উৎপাদন করলে তা দেশের বাইরে জমা রাখা বা বিক্রি করার সুযোগ থাকতো।

প্রতিশ্রুতি থেকে সরে আসায় ইরানের এখন থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারি পানি উৎপাদনে কোনো বাধ্যবাধকতা থাকছে না, জানিয়েছেন দেশটির আনবিক শক্তি সংস্থার ওই কর্মকর্তা।

জেসিপিওএ-তে থাকা অন্য দেশগুলোকে ৬০ দিনের আলটিমেটাম দিয়েছে তেহরান; ফ্রান্স, ‍যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি ও চীন যদি এ সময়ের মধ্যে ইরানের অর্থনীতিকে মার্কিন নিষেধাজ্ঞার কবল থেকে রক্ষা না করে, তাহলে আলটিমেটাম শেষ হলে সর্বোচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধের কাজ শুরু করারও হুঁশিয়ারি দিয়েছে শিয়া সংখ্যাগরিষ্ঠ এ দেশটি।

ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের আলটিমেটামকে প্রত্যাখ্যান করে বলেছে, তারা এখনও পরমাণু চুক্তিটি বাঁচাতে বদ্ধপরিকর।

যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে সরে গেলে ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক সম্পর্কের পারদ চড়তে শুরু করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছে। তেহরানকে দমাতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী ও বি-৫২ বোমারু বিমানও পাঠানো হয়েছে।