২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকি নয়, উপসাগরের মার্কিন বাহিনী এখন নিশানা: ইরানি কমান্ডার

ইরানের রেভ্যুলেশনারি গার্ডের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি এতদিন গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হলেও, এখন এটি একটি নিশানায় পরিণত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 02:49 AM

Updated : 08 Apr 2022, 04:11 PM

রোববার রেভ্যুলেশনারি গার্ডের মহাকাশ বিভাগের প্রধান আমিরআলি হাজিজাদেহ এ মন্তব্য করেছেন বলে ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী ও বেশ কয়েকটি বি-৫২ বোমারু বিমানসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

উপসাগরে গত মাস থেকে টহল দেওয়া একটি রণতরীর জায়গায় যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকেও পাঠানো হচ্ছে।

ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর ইরানের দিক থেকে আসা হুমকির ‘স্পষ্ট ইঙ্গিত’ দেখে তা মোকাবেলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

“একটি রণতরীতে ৪০ থেকে ৫০টি বিমান এবং ৬ হাজার সৈন্য থাকে, অতীতে এগুলো আমাদের জন্য গুরুতর হুমকি ছিল, কিন্তু এখন তা একটি নিশানা; হুমকি পরিণত হয়েছে সম্ভাবনায়। তারা যদি অগ্রসর হয়, আমরা একেবারে তাদের মাথায় আঘাত করবো,” বলেছেন আমিরআলি হাজিজাদেহ।

তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানাতে এবং মধ্যপ্রাচ্যজুড়ে তাদের প্রভাব রোধ করতে সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানি বন্ধের উদ্যোগ নিয়ে দেশটির ওপর অর্থনৈতিক চাপও জোরদার করেছেন। 

সোমবার সম্প্রচারিত হতে যাওয়া সিএনবিসির এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সম্ভাব্য ইরানি হামলা বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও রণতরী মোতায়েন করা হয়েছে।

“ইরান যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের পেছনে ধাওয়া করার সিদ্ধান্ত নেয়, হতে পারে তা ইরাকে, আফগানিস্তানে, ইয়েমেনে বা মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে, আমরাও পাল্টা উপযুক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত,” বলেছেন তিনি।

তবে তেহরানের সঙ্গে যুদ্ধে জড়ানো ‘যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয়’, বলেছেন তিনি।

রোববার ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, মার্কিন বাহিনীকে অবশ্য মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে হবে।

“পারস্য উপসাগরে মার্কিনিদের উপস্থিতির সম্ভাবনা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই এ অঞ্চল ছেড়ে যেতে হবে,” খানজাদি এমনটাই বলেছেন বলে জানিয়েছে ইসনা।

যুক্তরাষ্ট্র এ অঞ্চলে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ শুরু করেছে- গত মাসে রেভ্যুলেশনারি গার্ডের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল হোসেইন সালামিও রোববার ইরানের পার্লামেন্টকে এমনটাই জানিয়েছেন, বলেছেন পার্লামেন্টের মুখপাত্র বেহরুজ নেমাতি।