কারাগারে অ্যাসাঞ্জকে দেখে এলেন পামেলা অ্যান্ডারসন
লন্ডনের বেলমার্শ হাই সিকিউরিটি কারাগারে গিয়ে জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করে এলেন ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন।
এপ্রিলে লন্ডনের একুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে ধরে নেওয়ার পর এটাই তার সঙ্গে আইনজীবীদের বাইরে কারও প্রথম সাক্ষাৎ।
মঙ্গলবার অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে এই অভিনেত্রী বলেন, “সুপার ম্যাক্স কারাগারে রাখার মতো ব্যক্তি তিনি নন। তিনি কখনও কোনো সহিংস কর্মকাণ্ড করেননি। তিনি একজন নিরাপরাধ ব্যক্তি।”
উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে সবার থেকে এমনকি তার সন্তানদের থেকেও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং তার কোনো তথ্য পাওয়ার সুযোগ নেই বলে জানান পামেলা অ্যান্ডারসন।
অ্যাসাঞ্জকে একজন ভালো মানুষ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আমি তাকে ভালোবাসি এবং আমি কল্পনাও করতে পারছি না যে, তিনি কিসের ভেতর দিয়ে যাচ্ছেন।”
অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে প্রায় সাত বছর একুয়েডর দূতাবাসে অবস্থানকালে বেশ কয়েক বার তার সঙ্গে দেখা করেছিলেন পামেলা। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের গুঞ্জনও ডালপালা মেলে।
এদিন অ্যাসাঞ্জের সাক্ষাতে তার সঙ্গে ছিলেন উইকিলিকসের এডিটর ইন চিফ ক্রিস্টিন রাপসন। তিনি বলেন, সাক্ষাতের পর দুজনকে বেশ আবেগ প্রবণ মনে হয়েছে।
৪৭ বছর অ্যাসাঞ্জকে দিনের ২৩ ঘণ্টা একটি সেলের মধ্যে কাটাতে হয় বলে জানান তিনি।
উইকিলিকসের প্রধান সম্পাদক বলেন, “আমার বন্ধু, একজন বুদ্ধিজীবী, একজন প্রকাশক, একজন সাংবাদিককে এভাবে দেখাটা আমার জন্য কষ্টের। একজন ব্যক্তি যিনি তার কাজের মধ্য দিয়ে সাংবাদিকতার জগতকে বদলে দিয়েছেন তিনি একটি হাই সিকিউরিটি কারাগারে বসে আছেন।
“একজন বলেছিলেন, তুমি কোনো সমাজকে বিচার করতে পারবে তার কারাগার পরিদর্শন করে এবং সত্যি বলতে আমাকে অন্তর থেকে বলতে হচ্ছে, আজকের কারা পরিদর্শনে এই সমাজ সম্পর্কে ভালো কিছুর প্রতিফলন ঘটেনি।”
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।
ওই সব নথির মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধসম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরো ৪০ হাজার নথি ছিল, যা যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগনকে চরম বেকায়দায় ফেলে দেয়।
এ নিয়ে আলোচনার মধ্যে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা হয়। গ্রেপ্তার এড়াতে ২০১২ সালে অ্যাসাঞ্জ লন্ডনের একুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। তারপর থেকে তিনি সেখানেই ছিলেন।
সুইডেনের সেই মামলা খারিজ হলেও ব্রিটিশ আইন ভাঙায় আবার গ্রেপ্তার হওয়ার ভয়ে অ্যাসাঞ্জ বের হতে পারছিলেন না। একুয়েডর রাজনৈতিক আশ্রয় বাতিল করার পর ১১ এপ্রিল দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ।
জামিন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে গত ১ মে অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের একটি আদালত।
গোপন তথ্য চুরি করে তা প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে উইকিলিকসের বিরুদ্ধে মামলা চলছে। অ্যাসাঞ্জের আশঙ্কা, ওই মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হতে পারে।
তবে এই প্রক্রিয়া আগামী ৩০ মে পর্যন্ত আদালত মুলতবি করেছে বলে জানিয়েছে সিএনএন।
