গাজায় ‘ব্যাপক অভিযান’ চালানোর নির্দেশ নেতানিয়াহুর
গাজা উপত্যকায় ইসরায়েল-ফিলিস্তিন লড়াই মারাত্মক রূপ নিচ্ছে। লড়াইয়ের তৃতীয় দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গাজায় ‘ব্যাপক অভিযান’ চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
রোববার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আজ সকালে আমি ইসরায়েল ডিফেন্স ফোর্সকে গাজা উপত্যকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি।”
গাজার চারপাশে ইসরায়েলি বাহিনী “ট্যাংক, গোলাবারুদ এবং পদাতিক বাহিনী” নিয়ে জোর অভিযান চালাবে, বলেন তিনি।
গত বছর নভেম্বরের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল-গাজা পরিস্থিতি।
শুক্রবার ইসলামিক জিহাদের এক স্নাইপার ইসরায়েলি সেনাদের দিকে গুলি ছোড়ার পর গাজায় নতুন করে সহিংসতার সূত্রপাত হয়। ওই স্নাইপারের গুলিতে তাদের দুই সেনা আহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর।
তারপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়, রোববার যা তৃতীয় দিনে গড়িয়েছে। এরই মধ্যে দুপক্ষে অন্তত সাত জন নিহত হয়েছে।
রোববার গাজা থেকে ছোড়া একটি রকেট বিস্ফোরণে এক বেসামরিক ইসরায়েলি নিহত হন। জবাবে ইসরায়েলের গোলাবর্ষণ ও বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে অন্তত দুইজন বন্দুকধারী ছিলেন।
এ নিয়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত লড়াইয়ে ৯ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছেন গাজার কর্মকর্তারা।
এর আগে শনিবার দিবাগত রাতে গাজা সীমান্তবর্তী ইসরায়েলি এলাকাগুলোতে বারবার রকেট হামলার সাইরেন বেজে ওঠে। এতে ওই এলাকার বাসিন্দাদের রাতভর আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়া-আসার মধ্যে থাকতে হয়েছে।
রাতে ইসরায়েলের রকেট বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশে ফিলিস্তিনি রকেট ধ্বংস করতে দেখা যায়।
গাজা থেকে ছোড়া রকেটগুলির একটি আশকেলন শহরের একটি বাড়িতে আঘাত হানলে এক ব্যক্তি নিহত হন বলে জানায় ইসরায়েলি পুলিশ।
অপরদিকে ইসরায়েলি বোমাবর্ষণে গাজার ভবনগুলো কেঁপে কেঁপে উঠেছে। লোকজন বাড়িঘর যেতে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রোববার ভোরের আগে তাদের দুই সদস্য নিহত হয়েছেন বলে জানায় সশস্ত্রগোষ্ঠী ইসলামি জিহাদ।
