উ. কোরিয়া ‘স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে’
জাপান সাগরে উত্তর কোরিয়া স্বল্প পাল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উত্তর উপকূলীয় শহর ওনসেনের কাছে হোডো উপদ্বীপ থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়, বলেছে দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ।
ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ছিল ৭০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে।
বিবিসি বলছে, ২০১৭ সালের নভেম্বরের পর থেকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ রেখেছিল। গত বছর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কেরও খানিকটা উন্নতি দেখা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে গত জুন ও চলতি বছরের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর ও ভিয়েতনামে দুই দফা বৈঠকও হয়।
পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবে দুই পক্ষের মতবিরোধে হ্যানয়ের শেষ বৈঠকটি ভেস্তে যাওয়ায় পিয়ংইয়ং ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরুর হুমকি দিয়েছিল।
গত মাসে তারা একটি নতুন ‘কৌশলগত অস্ত্রের’ সফল পরীক্ষার কথা জানিয়েছিল। উন নিজেই এ পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন বলেও জানিয়েছিল বার্তা সংস্থা কেসিএনএ।
নতুন এ অস্ত্রটি ক্ষেপণাস্ত্র নয়, স্বল্প পাল্লার কোনো অস্ত্র বলে ধারণা বিশ্লেষকদের।
শনিবার উত্তর কোরিয়া যেখান থেকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে বলে দাবি সিউলের, সেই হোডো উপদ্বীপটি আগেও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দূর পাল্লার কামান ও মর্টারের গোলা নিক্ষেপে ব্যবহৃত হয়েছিল।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি
“উত্তর কোরিয়ার পদক্ষেপের ব্যাপারে অবগত আছি আমরা। প্রয়োজন হলে আমরা এ পর্যবেক্ষণ অব্যাহত রাখবো,” বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স।
