‘আমার দেশ ছাড়ো’, আইএসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে যে ভয়াবহ বোমা হামলা হয়েছে তার পরিকল্পনায় এক বিদেশি মাস্টারমাইন্ড থাকতে পারেন বলে সন্দেহ করছেন দক্ষিণ এশীয় দ্বীপদেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
“আমার দেশ ছাড়ো,” হামলার দায় স্বীকার করে নেওয়া মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উদ্দেশ্যে এমনটিই বলেছেন তিনি।
আইএস ছোট দেশগুলোর ওপর হামলা চালানোর ‘নতুন কৌশল’ নিয়ে থাকতে পারে বলেও সিরিসেনা সতর্ক করেছেন, বুধবার স্কাই নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে মঙ্গলবার শ্রীলঙ্কার এক সরকারি সূত্র রয়টার্সকে জানায়, রমজান শুরুর আগে শ্রীলঙ্কায় ফের হামলা হতে পারে শঙ্কায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী সপ্তাহের সোমবার থেকে মুসলিমদের কাছে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান শুরু হওয়ার কথা।
সিরিসেনা জানান, তার দেশের কর্তৃপক্ষ ‘ছোট একদল’ লঙ্কান নাগরিকের বিষয়ে অবগত, যারা গত এক দশক ধরে বিদেশে গিয়ে আইএসের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে।
ইস্টারের পরবের দিন হামলায় ব্যবহৃত বোমাগুলো স্থানীয়ভাবেই বানানো হয়েছে, তদন্তে এমনটিই উন্মোচিত হয়েছে বলে সাক্ষাৎকারে বলেছেন লঙ্কান প্রেসিডেন্ট।
২১ এপ্রিল প্রায় একযোগে চালানো ওই আটটি আত্মঘাতী বোমা হামলা ৪০টি দেশের আড়াইশরও বেশি লোকের প্রাণ কেড়ে নিয়েছে।
স্বল্প পরিচিত জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল তওহীদ জামায়াত ও জামিয়াতুল মিল্লাথু ইব্রাহিমের সদস্যরা এ হামলায় জড়িত ছিল বলে সন্দেহ পুলিশের।
সোমবার ইসলামিক স্টেটের (আইএস) মিডিয়া নেটওয়ার্ক এক ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করে তাকে তাদের নেতা আবু বকর আল বাগদাদি বলে দাবি করেছে। ওই ভিডিওতে বাগদাদির মতো দেখতে এক ব্যক্তিকে শ্রীলঙ্কার বোমা হামলার দায় স্বীকার করে নিতে দেখা গেছে।
সিরিয়ার বাঘুজে আইএসের সর্বশেষ ঘাঁটি হারানোর প্রতিশোধ নিতেই ইস্টার সানডের দিনে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সিরিসেনা বলেছেন, আইএসের উদ্দেশ্যে তার একটি বার্তা আছে; আর তা হলো- “আমার দেশ ছাড়ো।”
হামলাকারীদের আন্তর্জাতিক সংশ্লিষ্টতা আছে বলে এর আগে সন্দেহের কথা জানালেও যোগাযোগের মাত্রা কী ধরনের তা বলতে পারেনি শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, ইন্টারপোলের পাশাপাশি নাম না প্রকাশ করা বেশ কয়েকটি বিদেশি সংস্থাও এ বোমা হামলার তদন্তে সহায়তা করছে বলে জানিয়েছে রয়টার্স।
লঙ্কান গোয়েন্দাদের ধারণা, দেশের পূর্ব অঞ্চলের বাসিন্দা তামিলভাষী ধর্ম প্রচারক জাহরান হাশিমই ইস্টার সানডের বোমা হামলার প্রধান কুশীলব।
হামলাকারীরা ২১ এপ্রিল যে নয়টি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তার একটিতে হাশিম মারা যান বলেও অনুমান তাদের।
