ব্রাজিলে র্যাম্পে পড়ে গিয়ে মডেলের মৃত্যু
ব্রাজিলে সাও পাওলো ফ্যাশন উইকের শেষ দিনে র্যাম্পে হাঁটার সময় পড়ে গিয়ে এক পুরুষ মডেলের মৃত্যু হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে ২৬ বছরের টালেস সোয়ারেসের মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে বিবৃতিতে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি বলে রোববার জানায় হিন্দুস্তান টাইমস।
বিবৃতিতে বলা হয়, “এসপিএফডব্লিউ এইমাত্র মডেল টালেস সোয়ারেসের মৃত্যুর খবর জানতে পেরেছে। তিনি অকসা শো চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।”
শনিবার ফ্যাশন উইকের শেষ দিন র্যাম্পে হেঁটে দর্শকদের সামনে আসার পর ফিরে যাওয়ার সময় পড়ে যান সোয়ারেস। চিকিৎসকরা সেখানেই সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
