মালিতে মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ
বন্দুকধারীর হামলায় ১৬০ পশুপালক নিহত হওয়ার মাসখানেক পর মন্ত্রিসভার সব সদস্য নিয়ে পদত্যাগ করেছেন মালির প্রধানমন্ত্রী সৌমেলো বৌবেয়ো মাইগা।
দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মালির প্রেসিডেন্টের কার্যালয়।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের কারণ জানায়নি তারা।
এর আগে বুধবার মুসলিম জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ, পশুপালকদের ওপর জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের হামলা প্রতিহতে ব্যর্থতা এবং বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর নিরস্ত্রীকরণ না করতে পারার দায়ে দেশটির সাংসদরা মাইগা সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলেন।
পশ্চিম আফ্রিকার এ দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা ঠেকাতে সরকারের ব্যর্থতা নিয়ে নানামাত্রিক চাপের মুখেই মাইগা মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করলেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্চে ডনজো শিকারীদের ঐতিহ্যগত পোশাক পরা সশস্ত্র বন্দুকধারীরা মালির দুটি গ্রামে হামলা চালিয়ে দেড়শতাধিক পশুশিকারিকে হত্যা করে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ একটি সশস্ত্র গোষ্ঠী এর আগের সপ্তাহে সেনাচৌকিতে হামলা চালিয়ে ২৩জনকে হত্যা করেছিল।
এ ঘটনার পাল্টায় পশুপালকদের ওপর ওই নির্মম হামলাটি হয় বলে ধারণা করা হচ্ছে।
সেনাচৌকিতে হামলার ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটকের কথা জানিয়েছে মালির কর্তৃপক্ষ। যদিও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তাদের কোনো পদক্ষেপই এখন পর্যন্ত জনমনে স্বস্তি ফেরাতে পারেনি।
সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার পর প্রেসিডেন্ট শিগগিরই নতুন একজনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেবেন বলেও কেইতার কার্যালয় জানিয়েছে।
