বাহরাইনে ১৩৯ জনের জেল, নাগরিকত্ব বাতিল
ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একটি সেল গঠনের অভিযোগে বাহরাইনের আদালত সন্ত্রাস দমন আইনে ১৩৯ জনের গণবিচার করে তাদেরকে কারাদণ্ড দিয়েছে এবং একজন বাদে বাকি সবার নাগরিকত্ব কেড়ে নিয়েছে।
এদের মধ্যে ৬৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানায় বিবিসি। অন্যরা তিন থেকে সাত বাছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন।
রায় ঘোষণার সময় অভিযুক্ত ৫৮ জন আদালতে উপস্থিত ছিলেন না।
দোষী সাব্যস্ত দলটির বিরুদ্ধে একটি সন্ত্রাসী সেল গঠন করে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছিল।
মধ্যপ্রাচ্যের সম্পদশালী ছোট্ট দেশ বাহরাইনের অধিকাংশ মানুষ শিয়া মুসলিম হলেও দেশটির সুন্নি বাদশাহ শাসিত।
২০১১ সালে শিয়া অধিবাসীরা দেশটিতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রনয়নে আন্দোলন করে। ইরান ওই গণঅভ্যুত্থানে সমর্থন জানিয়েছিল।
বাহরাইনের অভিযোগ, ইরান দেশটির শিয়া বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে অস্ত্র ও রসদের যোগ দেয়। যেন তারা নিরাপত্তা বাহিনীর উপর হামলা করতে পারে।
