গুপ্তচরবৃত্তি: রাশিয়ায় নরওয়ের নাগরিকের জেল
রাশিয়ার নৌবাহিনীর সাবমেরিনের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ের নাগরিক ফ্রোড বার্গকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত।
বিবিসি জানায়, ২০১৭ সালে মস্কোতে গ্রেপ্তার হন বার্গ। তিনি নরওয়ে-রাশিয়া সীমান্তে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। অত্যন্ত সক্রিয়ভাবে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে প্রচারও চালাতেন তিনি।
গ্রেপ্তারের পর বার্গ গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেন। যদিও তিনি নরওয়ের গোয়েন্দা সংস্থার হয়ে চিঠিপত্র বহনের কাজ করতেন বলে স্বীকার করেছেন।
তার দাবি, ওইসব চিঠিপত্র সম্পর্কে তিনি খুব সমান্যই জানতেন। সেগুলো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাখা হত।
বিবিসি জানায়, বার্গ নরওয়ের গোয়েন্দা সংস্থার হয়ে যেসব চিঠিপত্র পোস্ট করতেন সেগুলোতে গুপ্তচরদের জন্য অর্থ এবং নির্দেশনা থাকত।
গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ তিনি নাতাশা নামে এক রুশ নারীর ঠিকানায় চিঠি পোস্ট করেছিলেন।
বার্গের আইনজীবী আইলিয়া নোভিকভ বলেন, তার মক্কেল মস্কোর আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন না। তবে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ক্ষমা ভিক্ষা করবেন।
নোভিকভ বলেন, “আমার মক্কেলকে না জানিয়েই তাকে গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়েছে। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ নিয়ে কোনো কথা বলতে পারি না।
“এছাড়া তার বয়স ৬৩ বছর। এখন তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া যাবজ্জীবন সাজা দেওয়ার সামিল।”
রাশিয়ার সঙ্গে নেটোভুক্ত দেশ নরওয়ে সীমান্ত রয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল, এমনকি স্নায়ু যুদ্ধের সময়ও যার অবনতি হয়নি।
কিন্তু ২০১৪ সালে রাশিয়া প্রতিবেশী ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করলে নরওয়ে তার প্রতিবাদ জানায়। যা নিয়ে রাশিয়া-নরওয়ে সম্পর্কের অবনতি হয়।
