ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশে আল্টিমেটাম ডেমোক্রেটদের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী ২৩ এপ্রিলের মধ্যে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যদের দিতে নতুন সময় বেঁধে দিয়েছেন নিম্নকক্ষের কর ও বাজেট পর্যালোচনা এবং সুপারিশ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান রিচার্ড নিল।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগকে (আইআরএস) লেখা এক চিঠিতে তিনি এ আল্টিমেটাম দেন বলে জানিয়েছে বিবিসি।
নিম্নকক্ষের ডেমোক্রেটরা এর আগে ১০ এপ্রিলের মধ্যে ট্রাম্পের ছয় বছরের আয়কর বিবরণীর তথ্য দিতে বললেও তাতে গা করেনি মার্কিন প্রশাসন।
প্রতিনিধি পরিষদের একমাত্র ব্যক্তি হিসেবে যে কারও আয়কর বিবরণী চাওয়ার সুযোগ আছে ওয়েস অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান নিলের।
নিম্নকক্ষের প্রতিনিধি হিসেবে তার এ ধরনের অনুরোধের এখতিয়ার সংক্রান্ত একটি আইনও আছে।
আইআরএস তার অনুরোধ না শুনলে এ বিষয়ে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারবেন নিল।
এ দফায় মার্কিন প্রেসিডেন্টের আয়কর বিবরণী না দিলে ঘটনাটিকে ‘অনুরোধ অবজ্ঞা’ হিসেবে বিবেচনা করা হবে বলে রাজস্ব বিভাগকে সতর্কও করেছেন তিনি।
রিপাবলিকানরা বলছেন, এ ধরনের অনুরোধ করদাতার গোপনীয়তা লংঘনের শামিল।
গত সপ্তাহে ট্রাম্পের এক উপদেষ্টা ডেমোক্রেটরা ‘কখনোই’ প্রেসিডেন্টের আয়কর বিবরণী দেখতে পাবে না বলেও মন্তব্য করেছিলেন।
“কমিটির আবেদন প্রত্যাখ্যানে কোনো উদ্বেগকেই আইনিভাবে ব্যবহার করা যাবে না। আপনারা যদি এ অনুরোধে সাড়া দিতে ব্যর্থ হন, সেটি আমার অনুরোধকে অবজ্ঞা করা হয়েছে বলে বিবেচিত হবে,” আইআরএসের কমিশনার চার্লস রেটিগকে লেখা চিঠিতে বলেছেন নিল।
কোনো আইন না থাকলেও ১৯৭৬ সালের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীই তাদের আয়কর বিবরণী প্রকাশ করে আসছে; ব্যতিক্রম কেবল ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের আয়কর বিবরণী প্রকাশের এ আবেদনকে ‘হয়রানি’ অ্যাখ্যা দিয়েছেন তার এক আইনজীবী। অন্যদিকে ডেমোক্রেটরা বলছেন, এ আবেদন ‘বৈধ ও জরুরি’।
গত বছরের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষে রিপাবলিকানদের ভরাডুবি ট্রাম্পের ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেনের বিষয়ে তদন্তের দ্বার খুলে দেয়। নভেম্বরের ওই নির্বাচনে বেশি সংখ্যক আসনে জিতে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদ পুনর্দখল করে।
