২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে নাইটক্লাবের বাইরে ‘চলন্ত গাড়ি থেকে গুলি’, নিহত ১

অস্ট্রেলিয়ায় একটি নাইটক্লাবের বাইরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তা রক্ষী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2019, 10:44 AM

Updated : 08 Apr 2022, 04:04 PM

রোববার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে মেলবোর্নের দক্ষিণপূর্বে অবস্থিত লাভ মেশিন নাইটক্লাবের বাইরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাথমিকভাবে এ গুলির ঘটনাকে সন্ত্রাস-সংশ্লিষ্ট নয় বলেই মনে করা হচ্ছে। 

পুলিশ বলছে, হতাহতদের মধ্যে তিনজনই নিরাপত্তা রক্ষী; অন্যজন ক্লাবে ঢোকার লাইনে দাঁড়িয়ে ছিলেন।

“নাইটক্লাবের বাইরে ভিড় লক্ষ্য করে চলন্ত গাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়েছে বলেই মনে হচ্ছে,” বলেছেন পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রু স্ট্যাম্পার।

গুলিতে আহত ৩৭ বছর বয়সী নিরাপত্তা রক্ষী অ্যারন খালিদ ওসমানির হাসপাতালে মৃত্যুর খবর নিশ্চিত করেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউ এজ। অ্যারনের মুখে গুলি লেগেছিল।

২৮ বছর বয়সী অন্য একজনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ৫০ ও ২৯ বছর বয়সী বাকি দুইজনের আঘাত ‘গুরুতর নয়’।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স। গুলির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।