২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেভল্যুশনারি গার্ডকে কালোতালিকাভুক্তির প্রতিবাদে ইরানে বিক্ষোভ

ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড বাহিনীকে যুক্তরাষ্ট্র ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসাবে তালিকাভুক্ত করায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছে হাজার হাজার ইরানি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2019, 09:24 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

শুক্রবার ‘আমিও গার্ড’ এবং ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে তারা। রাষ্ট্রীয় টিভিতে দেখা গেছে সে বিক্ষোভের দৃশ্য। “আমেরিকা কী ভাবছে? ইরানিরা গার্ডে ভর্তি” চীৎকার করে একথাই বলেছে বিক্ষুদ্ধ ইরানিরা।

শুক্রবারের জুমার নামাজের পর তেহরান ইউনিভার্সিটি থেকে কাছের একটি চত্বর অভিমুখে অগ্রসর হয় মিছিল। একই ধরনের বিক্ষোভ হয়েছে গোটা ইরানজুড়ে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারী গার্ড কোর (আইআরজিসি) কে কালোতালিকাভুক্ত করেন। তার এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়ারই পট প্রস্তুত করেছে।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের পরপরই ইরানও আঞ্চলিক মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে।

ইরানের আধা সরকারি আইএসএনএ বার্তা সংস্থা শুক্রবার ইরানের সশস্ত্র বাহিনীর স্থলবাহিনী প্রধান জেনারেল কিউমারস হাইদারির উদ্ধৃতি দিয়ে বলেছে, “আমেরিকানদের জানা উচিত যে তারা নিজেদের পায়েই কুড়াল মারছে। অর্থাৎ, তারা তাদের আঞ্চলিক সেন্ট্রাল কমান্ডে নিজেদের সেনাদেরসহ গোটা বিশ্বেরই নিরাপত্তা বিনাশ করছে।”