যুক্তরাষ্ট্র ‘নিষ্ঠুর পদক্ষেপ’ নিয়েছে: খামেনি
ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র ‘নিষ্ঠুর পদক্ষেপ’ নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রেভল্যুশনারি গার্ডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেন। যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরো বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের।
খামেনি বলেন, “তারা আমাদের রেভল্যুশনারি গার্ডের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে…যারা ১৯৭৯ সালে ইরানে ইসলামিক অভ্যুত্থানের সময় সামনের সারিতে থেকে শত্রুদের মোকাবেলা করেছে এবং সবসময় দেশকে রক্ষা করে আসছে। আমেরিকা আমাদের অগ্রগতি থামাতে ব্যর্থ হয়েছে।
“গত ৪০ বছর ধরে তারা সবভাবে চাপ দিয়েও আমাদের ক্ষতি করতে ব্যর্থ হয়েছে। তাদের এ নিষ্ঠুর পদক্ষেপও কোনো ফল বয়ে আনবে না।”
ইরানের রেভল্যুশনারি গার্ড খামেনির নিয়ন্ত্রণে। এ বাহিনী সম্পর্কিত সব সিদ্ধান্ত তিনি নেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও রেভল্যুশনারি গার্ডকে দেশের সুরক্ষা বাহিনী বলে বর্ণনা করেছেন। টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র রেভল্যুশনারি গার্ডের বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক মনোভাব পোষণ’ করে।
“অথচ এই বাহিনী আমাদের জনগণ এবং আমাদের অভ্যুত্থানের সুরক্ষায় নিজেদের বলি দিচ্ছে।”
যুক্তরাষ্ট্র এর আগে রেভল্যুশনারি গার্ডের কর্মকর্তা এবং এই বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও পুরো বাহিনীকে এবারই প্রথম নিষিদ্ধ করল।
ওয়াশিংটনের সন্ত্রাসী তকমাকে পাত্তা না দিয়ে রেভল্যুশনারি গার্ডের প্রধান কমান্ডার মোহাম্মদ আলি জাফরি বলেন, “যতদিন রেভল্যুশনারি গার্ড মানুষের হৃদয়ে থাকবে ততদিন যুক্তরাষ্ট্রের এই তকমা হাসির খোরাক হবে। আগমী কয়েক বছরে আমরা নিজেদের সুরক্ষা এবং আক্রমণ করার ক্ষমতা উভয়ই বাড়াব।”
ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর থেকেই ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ছে।
