২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি’র ইশতেহারে কৃষক কল্যাণ ও আয় বৃদ্ধিতে জোর

দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট; ভারতজুড়ে চলছে তার জোর প্রচার। নির্বাচন উপলক্ষে কৃষকদের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের ইশতেহার প্রকাশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 07:20 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

দলটি সোমবার নয়া দিল্লিতে দলের সদরদপ্তরে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বলে জানায় বিবিসি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “জাতীয়তাবাদ আমাদের অনুপ্রেরণা।” এবারের নির্বাচনী ইশতেহারে কৃষকদের কল্যাণে বেশ কিছু নতুন প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় দেশ ভারত। দেশটিতে মোট ভোটারের প্রায় অর্ধেকই কৃষক। কারণ, দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক কৃষি কাজের সঙ্গে যুক্ত।

তাই স্বাভাবিকভাবেই সব দল ভোটের আগে কৃষকদের সন্তুষ্ট রাখা চেষ্টা করছে। বিরোধীদল কংগ্রেসও নির্বাচনী ইশতেহারে কৃষক উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে।

বর্তমানে দেশটিতে কৃষকদের ইনকাম স্কিমে শুধুমাত্র ক্ষুদ্র কৃষকরা (যারা সর্বোচ্চ দুই হেক্টর জমির মালিক) সুবিধা পান। বিজেপি তাদের নির্বাচনী ইশতাহারে এ আয় স্কিম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, দেশের সব কৃষক যার আওতায় পড়বেন। ইশতেহারে তারা ক্ষমতায় গেলে সব কৃষককে বছরে ছয় হাজার রুপি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার থেকে অবসর ভাতা প্রদাণের কথাও বলা হয়েছে। গতবারের নির্বাচনী ইশতাহারে বিজেপি ২০২২ ‍সাল নাগাদ কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল, এবারও তা পুনর্ব্যক্ত করেছে। 

বিজেপি’র এবারের নির্বাচনী ইশতেহারে কৃষকদের জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দেওয়টাই স্বাভাবিক বলে মত রাজনীতি বিশ্লেষকদের।

কারণ, গত পাঁচ বছরে পানি সংকটের কারণে দেশটির কৃষকদের মারাত্মক ভুগতে হয়েছে। কৃষি পণ্যের উৎপাদন হ্রাসের সঙ্গে অস্বাভাবিক মূল্যহ্রাসের কারণে অনেক কৃষক চাষাবাদ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। অথচ তাদের অবস্থার উন্নয়নে সরকার থেকে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে ক্ষুব্ধ কৃষকরা কয়েকবারই সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভ করেছে।

বিজেপির নির্বাচনী ইশতাহারে জাতীয় নিরাপত্তার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহার প্রকাশের পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বারবার সন্ত্রাসের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন।

আরো বেশ কিছু জনকল্যানমূলক উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও ইশতেহারে দেওয়া হয়। যেমন: দরিদ্রদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা, প্রতিটি বাড়িতে সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি।

প্রধান বিরোধী দল কংগ্রেসের মত বিজেপিও পার্লামেন্ট ও রাজ্যের বিধানসভাগুলোতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখা প্রতিশ্রুতি দিয়েছে।

আগামী বৃহস্পতিবার থেকে ভারতে ভোট গ্রহণ শুরু হবে। দেশজুড়ে প্রায় পাঁচ সপ্তাহ ধরে সাত দফায় ভোট গ্রহণ চলবে। ১৯ মে সপ্তম দফা ভোট গ্রহণ শেষ আগামী ২৩ মে ফলাফল ঘোষণার কথা রয়েছে।