ব্রুনাই সুলতানের হোটেল বয়কটের ডাক তারকাদের
ব্রুনাইয়ের সুলতানের মালিকানাধীন হোটেল বয়কটের আহ্বান জানিয়েছেন বহু তারকাসহ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের কর্মকর্তারা।
ব্রুনাই বুধবার সমকামিতাসহ বিবাহ বহির্ভূত যৌনতার মত অপরাধে পাথর ছুড়ে শাস্তির কঠোর আইন চালুর ঘোষণা দেওয়ার পর হলিউড তারকারাসহ অন্য আরো অনেক তারকা এবং রাজনীতিবিদরা বিলাসবহুল ওইসব হোটেল বয়কটের ডাক দিলেন।
সুলতান শাসিত দ্বীপ রাষ্ট্র ব্রুনাই অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ। দেশটির সুলতান বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ হোটেলের মালিক। এর মধ্যে সবচেয়ে অভিজাত ৯ টি হোটেলের দু’টিতে হলিউডের হেভিওয়েটদের আনাগোনা আছে, সময়ে সময়ে সেখানে বিনোদোনমূলক বিশেষ অনুষ্ঠানও হয়। এর একটি হচ্ছে বেভারলি হিলস এবং লস এঞ্জেলেসের হোটেল বেল-এয়ার।
অন্যান্য হোটেলগুলোর মধ্যে আছে লন্ডনের ডর্চেস্টার এবং প্যারিসের হোটেল প্লাজা এথিনি। হলিউড তারকা জর্জ ক্লুনি এক টুইটে লিখেছেন, “যতবারই আমরা ৯টি হোটেলের কোনোটাতে থাকি, বৈঠক করি কিংবা খাওয়া দাওয়া করি ততবারই আমরা সরাসরি এমন একজন মানুষের পকেটে অর্থ ঢালি যিনি তার দেশের নাগরিকদেরকে সমকামিতা কিংবা ব্যাভিচারের অভিযোগে পাথর ছুড়ে কিংবা বেত্রাঘাত করে মৃত্যু দেওয়ার পথ বেছে নিয়েছেন।”
ক্লুনির মত অন্যান্য তারকারা এবং লস এঞ্জেলেসের রাজনীতিবিদরা ব্রুনাইয়ের নতুন আইনের নিন্দা জানিয়েছেন এবং তার ভক্ত, সমর্থক ও অনুরাগীদেরকে ব্রুনাইয়ের সুলতানের সম্পত্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
মার্কিন টেনিস তারকা বিলি জিন কিং বুধবারই সতর্ক করে দিয়ে বলেছেন, “#ব্রুনাইয়ে আজ নৃশংসতা শুরু হল।” এর আগে গত সপ্তাহে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন বলেছিলেন, তিনি অনেকবছর ধরেই লন্ডনের ডর্চেস্টার হোটেলে আর থাকেন না।
ওদিকে রাজনীতিবিদরাও ব্রুনাইয়ের নিন্দায় কম যাননি। দেশটির সরকারকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাতে লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের তিন সদস্য একটি প্রস্তাবনাও এনেছেন। এ প্রস্তাবনায় বেভারলি হিলস হোটেল এবং হোটেল বেল-এয়ার এ মানুষজনকে না থাকা এবং সেখানে আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
