‘অরিজিন’ ট্রাম্পের মুখে হয়ে গেল ‘অরেঞ্জ’
হোয়াইট হাউজে নেটো মহাসচিবের সঙ্গে এক বৈঠকে ‘অরিজিন’ শব্দ উচ্চারণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমত কসরৎ করতে হয়েছে। বারবারই তিনি ‘অরিজিন’ না বলে বলে ফেলছিলেন ‘অরেঞ্জ’।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাতের অভিযোগ বিষয়ে কংগ্রেসের স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের সদ্য প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলার সময় এ কাণ্ড করেন ট্রাম্প।
ওভাল অফিসে মঙ্গলবার নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে পাশে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। তখনই সাংবাদিকদেরকে মুলারের তদন্তের আসল কারণ খতিয়ে দেখার অনুরোধ জানাতে গিয়ে ট্রাম্প ওই ভুল শব্দ উচ্চারণ করেন।
তিনি বলেন, “আমি আশা করি তারা এখন মূল (এখানে তিনি অরিজিন না বলে অরেঞ্জ বলেন), তদন্ত শুরুর মূল কারণ (আবারও তিনি অরিজিন না বলে অরেঞ্জ বলেন) খতিয়ে দেখবে।
“আপনারা তদন্তের আসল (এখানে তিনি অরিজিন বলেন) কারণ দেখুন, কোথা থেকে এর সূচনা হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কে এটা শুরু করেছিল। এটাতে কী ম্যাকক্যাবে বা কোমি বা আরো অনেকে জড়িত আছেন।”
ট্রাম্প-রাশিয়া আঁতাত নিয়ে তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস রবার্ট মুলারের নেতৃত্বে স্পেশাল কাউন্সিল গঠন করে। যে তদন্তকে বরাবরই ‘উইচ হান্ট’ বলেছেন ট্রাম্প।
দায়িত্ব পাওয়ার ২২ মাসের মাথায় গত ২৪ মার্চ মুলার তার তদন্ত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে ট্রাম্প-রাশিয়া আঁতাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
