২৩ শিশুকে বিষপ্রয়োগের সন্দেহে কিন্ডারগার্টেন শিক্ষক আটক
চীনে একটি কিন্ডারগার্টেনের ২৩ শিশুকে বিষ প্রয়োগের ঘটনায় একজন শিক্ষককে আটক করেছে পুলিশ। কর্মকর্তারা একথা বলেছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হেনান প্রদেশের জিয়াওঝু শহরের কিন্ডারগার্টেনটিতে সকালের নাস্তায় পরিজ খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তে খাবারের মধ্যে উচ্চমাত্রায় সোডিয়াম নাইট্রেট পাওয়া গেছে। কেন খাবারে বিষ মেশানো হল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
তবে পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে চীনের গণমাধ্যম বলেছে, ওই শিক্ষক তার এক সহকর্মীর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন।
বেইজিং নিউজ জানায়, গত বুধবার কিন্ডারগার্টেনে সকালের নাস্তা করার পর শিশুরা বমি শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়তে থাকে। পুলিশ সোমবার এ ঘটনার কথা জানিয়েছে।
একটি শিশু এখনও গুরুতর অসুস্থ। আরো সাতটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন। আর ১৫ শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া।
স্কুলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিশুদের অন্য কিন্ডারগার্টেনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
