মধ্য আমেরিকার দেশগুলোতে সহায়তা কর্তন, সমালোচনার মুখে ট্রাম্প
মধ্য আমেরিকার তিন দেশ এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাসে আর্থিক সহায়তা কর্তনের সিদ্ধান্ত জানিয়ে মার্কিন বিরোধীদলীয় রাজনীতিবিদসহ ত্রাণ সংস্থাগুলোর প্রশ্ন ও সমালেচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র অভিমুখে শরণার্থীর ঢলের জন্য মধ্য আমেরিকার দেশগুলোর সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি দিয়ে ট্রাম্প শনিবার ওই তিন দেশে সহায়তা কর্তনের ঘোষণা দেন।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ট্রাম্পের নির্দেশ মেনে মধ্য আমেরিকার তিন দেশের জন্য বরাদ্দ অর্থ সহায়তা বন্ধের কাজ শুরু হয়েছে। এজন্য কংগ্রেস ও প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।
যুক্তরাষ্ট্রে শরণার্থীর ঢল বন্ধ করতে তিন দেশের সরকারকে চাপে ফেলতেই ট্রাম্প তাদের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দেন।
সমালোচকরা বলছেন, ট্রাম্পের এ সিদ্ধান্তে লোকজনকে নিজ নিজ দেশে রাখতে এরই মধ্যে শুরু হওয়া বেশ কিছু প্রকল্প মুখ থুবড়ে পড়বে।
কি পরিমাণ সহায়তা বন্ধ হচ্ছে?
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, “প্রেসিডেন্টের নির্দেশ মেনে নর্দার্ন ট্রায়াঙ্গেলের (মধ্য আমেরিকার তিন দেশ) জন্য ২০১৭ এবং ২০১৮ সালের অর্থবছরের বৈদেশিক সাহায্য কর্মসূচি বন্ধ করা হচ্ছে।”
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকার হিসাবমতে, এতে করে বন্ধ হচ্ছে ২০১৮ সালের প্রায় ৫০ কোটি ডলার এবং তার আগের বছরের আরো কয়েক কোটি ডলারের তহবিল। তবে রয়টার্স এ অংক প্রায় ৭০ কোটি ডলার বলে জানিয়েছে।
ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেছেন, আমি গুয়াতেমালা হন্ডুরাস এবং এল সালভাদরে সহায়তা বন্ধ করেছি। সেখানে আর কোনো অর্থ যাবে না।
ফ্লোরিডায় নিজের রিসোর্টে সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো বলেন, “যুক্তরাষ্ট্র ওই তিন দেশকে প্রচুর পরিমাণ অর্থ সহায়তা দেয়। কিন্তু বিনিময়ে তাদের কাছ থেকে কিছুই পায় না।
মার্কিন সহায়তা বন্ধের প্রভাবে কি হতে পারে?
ত্রাণ সরবরাহের পক্ষে যারা তাদের যুক্তি হচ্ছে, শরণার্থীর ঢল থামাতে গেলে ওই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে সহিংসতা কমাতে হবে। তবে সহায়তা বন্ধের দীর্ঘমেয়াদী কি প্রভাব পড়বে তা বলার সময় এখনো আসেনি বলেই মত তাদের।
ওদিকে, ল্যাটিন আমেরিকা মানবাধিকার গবেষক দলের ওয়াশিংটন কার্যালয়ের নাগরিক নিরাপত্তা বিষয়ক পরিচালক আদ্রিয়ানা বলেন, “সাহায্য কর্তন করাটা নিজের পায়েই গুলি করার মত।”
তার মতে, দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদে স্থায়ী একটি সমাধান প্রয়োজন। ত্রাণ সহায়তার কার্যকরিতা কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়ে আলোচনাও করা যেতে পারে।
ওদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের একটি দল এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের সিদ্ধান্ত একেবারেই ফলপ্রসূ নয় বলে মন্তব্য করেছে।
নিউ জার্সির সিনেটর বব মেনেনদেজ ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এটি ‘অত্যন্ত বেপরোয়া ঘোষণা’।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর অক্টোবরেও দেশগুলোর সরকারকে শরণার্থী আটকাতে ব্যর্থ হলে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
দারিদ্র ও সংঘাত থেকে বাঁচতে মধ্য আমেরিকার ওই তিন দেশের হাজার হাজার মানুষ শত শত মাইল পাড়ি দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছানোর চেষ্টা করছে। শরণার্থীর ওই ঢল ঠেকাতে ট্রাম্প এর আগেও মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধের হুমকি দিয়েছেন।
এ বিষয়ে শুক্রবার ট্রাম্প অভিযোগ করে বলেন, ওই দেশগুলোর সরকার ‘ইচ্ছা করে’ ক্যারাভানে ভরে শরণার্থীদের উত্তরে পাঠাচ্ছে।
“মেক্সিকো যদি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করা বন্ধ না করে পরে তবে খুব সম্ভবত এই সপ্তাহে আমরা সীমান্ত বন্ধ করে দেব।”
যদি মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধ হয়ে যায় তবে মেক্সিকো থেকে নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করা শ্রমিক ও শিক্ষার্থীদের চরম বিপদে পড়তে হবে।
