৫৫ বছর আগের অভ্যুত্থান স্মরণ করল ব্রাজিলের সেনারা
সাড়ে পাঁচ দশক পুরনো একটি সেনা অভ্যুত্থানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ব্রাজিলের সশস্ত্রবাহিনী।
কট্টর ডানপন্থি জাইর বোলসোনেরো ক্ষমতায় বসার আগে ৮ বছর এ উদ্যাপনে নিষেধাজ্ঞা ছিল।
বিদেশ সফর থাকায় প্রেসিডেন্ট অবশ্য দুই দিন আগেই তার প্রাসাদে দিনটি উদ্যাপন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বোলসোনেরোর মতে, ১৯৬৪ সালের ওই অভ্যুত্থানই দেশকে ‘সমাজতন্ত্রের হাত থেকে রক্ষা করেছিল’।
৫৫ বছর আগের ওই সেনা অভ্যুত্থান লাতিনের দেশটিকে উপহার দিয়েছিল দুই দশকের একনায়কতন্ত্র; কেড়ে নিয়েছিল হাজারো মানুষের জীবন, কারাগারে নিক্ষেপ করেছিল অসংখ্য রাজনৈতিক কর্মীকে।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ক্ষমতায় আসার পর ২০১১ সাল থেকে এ সেনা অভ্যুত্থানের স্মরণে কোনো অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
এক সময়ের বামপন্থি গেরিলা দিলমাও ছিলেন সেই অভ্যুত্থান পরবর্তী একনায়কতন্ত্রের শিকার। তাকে জেলে পোরা হয়েছিল, নেমে এসেছিল অবর্ণনীয় নির্যাতন।
বেশিরভাগ ব্রাজিলীয় এখনও ওই সেনা অভ্যুত্থানকে ‘কালো অধ্যায়’ মনে করলেও বোলসোনেরোর কাছে সেটি ছিল স্বর্ণযুগ। নিজের এই অভিমতকে খুব একটা আড়াল করতেও দেখা যায়নি তাকে।
অভ্যুত্থানের ওই সময়ে আরও বেশি বামপন্থিকে হত্যা না করাই সবচেয়ে বড় ভুল ছিল বলেও মনে করেন তিনি।
রাজনৈতিক জীবনের শুরুর দিকে পার্লামেন্টে দাঁড়িয়েই অভ্যুত্থান পরবর্তী দুই দশকের প্রশংসা করেছিলেন অবসরপ্রাপ্ত এ ক্যাপ্টেন; ‘এ ধরনের দায়িত্বহীন গণতন্ত্র দিয়ে গভীর জাতীয় সংকটের সমাধান’ হবে না বলেও মত ছিল তার।
ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা অভ্যুত্থানের বার্ষিকী উদ্যাপন করলেও জনসম্মুখে কোনো অনুষ্ঠান করবে না। ঘরোয়া বিভিন্ন আয়োজনের মাধ্যমে অভ্যুত্থানের নায়কদের শ্রদ্ধা জানানো হবে বলেও জানিয়েছে তারা।
বিরোধীরা এ সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেছে। বোলসোনেরো দেশকে অভ্যুত্থান এবং তার পরবর্তী ‘অন্ধকার যুগে’ নিয়ে যেতে চাইছেন বলেও অভিযোগ তাদের।
