২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে পাড়ি দিতে গিয়ে ‘যৌন নিপীড়নের শিকার’

ইউরোপে পাড়ি জমাতে গিয়ে লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীরা যৌন নিপীড়নের শিকার হন বলে এক গবেষণায় উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>ডয়চে ভেলে বাংলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 10:27 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

উইমেন্স রিফিউজি কমিশন-এর এই গবেষণায় বলা হয়েছে, নারীদের পাশাপাশি এমনকি রেহাই পাননা পুরুষরাও যৌন হয়রানির শিকার হচ্ছেন।

যারা লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি জমায় তাদের পরিস্থিতি অনুসন্ধান করাই ছিল গবেষণার মূল লক্ষ্য৷ বর্তমানে এই পথ ধরে আসা অভিবাসীদের ঠেকাতে নতুন নীতি বাস্তবায়ন করছে ইউরোপ৷ তাদের অর্থায়নে লিবিয়ার কোস্ট গার্ড সদস্যরা অভিবাসীদের ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে দেশটির সরকার পরিচালিত আটক কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে৷ সেখানেও যৌন নিপীড়নের শিকার হচ্ছে বলে তারা অভিযোগ করেছে৷

ইউরোপে পাড়ি জমানো অভিবাসীদের নিয়ে নতুন এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ে পাচারকারীরা অভিবাসীদের নির্যাতন করে এবং সেই দৃশ্য ধারণ করে রাখে৷

এর আগের আরেক গবেণায় দেখা যায়, উত্তর আফ্রিকা হয়ে আসা অভিবাসী নারীদের প্রায় সবাই তাদের যাত্রাপথে যৌন নীপিড়নের শিকার হয়৷ নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষরাও সেখান থেকে রেহাই পায় না৷

এই পরিস্থিতি কতটা ভয়াবহ তা অনুমান করাও কষ্টকর৷ একজন মানসিক স্বাস্থ্যকর্মী বলেছেন, সেখানকার গণকবরগুলোতে যত পুরুষ রয়েছে তাদের প্রত্যেকের জননাঙ্গ কাটা ছিল৷ একই বর্ণনা দিয়েছেন এমন পরিস্থিতি থেকে বেঁচে ফেরাদের একজনও৷ গবেষকদের কাছে অভিবাসীরা ধর্ষণ ও যৌন নির্যাতনের বিভিন্ন বর্ণনা দিয়েছেন৷

গুপ্ত কারাগারের জন্য লিবিয়ার বানি ওয়ালিদের কুখ্যাতি রয়েছে৷ সেখানে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে সূর্যের আলো পৌঁছে না, এমন স্থানে বন্দিদের অর্থের জন্য আটকে রাখা হয়৷ গত বছরের মে মাসে এমন এক বন্দিশালা থেকে শতাধিক অভিবাসী ও শরণার্থী পালানোর চেষ্টা করে৷ অপহরণকারীদের গুলিতে এ সময় কমপক্ষে ১৫ জন মারা যায়৷ ৪০ জন শেষ পর্যন্ত পালাতে সক্ষম হয় বলে জানিয়েছে সাহায্যকারী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার৷ তাদের পরে আবার লিবিয়ার সরকারের একটি আটক কেন্দ্রে পাঠানো হয়৷

কঠোর নীতির কারণে সমুদ্র পথে আসা শরণার্থীদের ভূমধ্যসাগর দিয়ে এখন ইউরোপে ঢুকতে দেওয়া হয় না৷ এজন্য ইউরোপীয় ইউনিয়ন ২০১৪ সাল থেকে লিবিয়াকে ৩৮ কোটি ডলারের বেশি দিয়েছে, যার বড় একটি অংশ খরচ হয়েছে দেশটির কোস্ট গার্ডকে শক্তিশালী করা ও আটক কেন্দ্রেগুলোর পেছনে৷

গবেষক দলের প্রধান সারাজ চিনোয়েথ বলেছেন, জাতিসংঘ ও সাহায্যকারী সংস্থাগুলো এসব আটক কেন্দ্রে তেমন একটা যেতে পারে না৷ বন্দিরা চাইলেও তাদের অভিযোগ বলার সুযোগ পায় না৷ একটি সরকারি আটক কেন্দ্রে ১৯ বছরের একজন নাইজেরীয় বন্দি নারী এক স্বাস্থ্যকর্মীকে জানান, নারীরা সেখানে সব সময় ধর্ষণের হুমকিতে থাকে৷ পুরুষরাও বাদ যায় না৷ ঘুষ দিয়ে অনেক সময় অভিবাসীরা এই পরিস্থিতি থেকে মুক্তি পায়৷