ভোট বেশি পেয়েছে সেনা সমর্থিত দল: থাই নির্বাচন কমিশন
নির্বাচিত সরকারকে উৎখাতের ৫ বছর পর হওয়া নির্বাচনে সেনা সমর্থিত পালং প্রচা রথ পার্টিই সবচেয়ে বেশি ভোট পেয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের নির্বাচন কমিশন।
ভোটের সংখ্যায় দ্বিতীয় হয়েছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সমর্থিত পুয়ে থাই পার্টি।
দুই দলের ভোটের পার্থক্য প্রায় ৫ লাখ বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ মহাসচিব ক্রিত উরওংসে জানিয়েছেন।
তিনি জানান, সেনা সমর্থিত পালং প্রচা রথের বাক্সে মোট ৮৪ লাখ ভোট জমা পড়েছে। আর পুয়ে থাই পেয়েছে সব মিলিয়ে ৭৯ লাখ ভোট।
রোববারের ভোটের সব ব্যালট গণনা শেষে অনানুষ্ঠানিকভাবে দলগুলোর ভোট প্রাপ্তির এ তথ্য জানানো হয়, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
৯ মে আনুষ্ঠানিক ফল ঘোষণার কথা।
ভোটের সংখ্যা জানালেও থাই পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কোন দল কতটি আসন জিতেছে তা জাানায়নি নির্বাচন কমিশন।
দেশটির ৫০০ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদের ৩৫০টি আসন সরাসরি ভোটের মাধ্যমে নির্ধারিত হয়; বাকি আসন দলগুলোর ভোটপ্রাপ্তির হারসহ জটিল হিসাব-নিকাশে ভাগ হয়।
সরাসরি ভোটে ঠিক হওয়া ‘সংসদীয় আসনের’ ১৩৭টিতে পুয়ে থাই পার্টি এবং ৯৭টিতে পালং প্রচা রথ জিতেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
নিম্নকক্ষে যাই হোক না কেন, থাইল্যান্ডের নতুন সংবিধান অনুযায়ী উচ্চকক্ষের আসনগুলোতে প্রতিনিধি দেয়ার এখতিয়ার সামরিক বাহিনীর।
দুই কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটেই ঠিক হবে নতুন প্রধানমন্ত্রী।
