ট্রাম্প ‘ইরানের ওপর নজর রাখার’ অনুমতি নেননি: ইরাক
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তার দেশে মার্কিন সেনা রেখে ‘ইরানের ওপর নজর রাখার’ অনুমতি নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ইরাকের রাজধানী বাগদাদে একটি ফোরামে আমেরিকার সিবিএস নিউজ চ্যানেলে ট্রাম্পের করা মন্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন সালিহ।
সিবিএস’ এর ‘ফেস দ্য নেশন’ প্রোগ্রামে রোববারের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য ইরাকে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখা জরুরি। কারণ, ইরানই মূল সমস্যা।”
ট্রাম্পের ওই কথার সূত্র ধরে ইরাকে অবস্থিত সেনাদের কিভাবে ইরানের ওপর নজর রাখতে বলা হবে- এমন প্রশ্নের জবাবে সালিহ বলেন, “মার্কিন সেনারা দুই দেশের মধ্যে সম্পাদিত একটি চুক্তির আওতায় সন্ত্রাস দমনের বিশেষ মিশন নিয়ে ইরাকে আছে। তাদের সে কাজেই নিয়োজিত থাকা উচিত।”
যুক্তরাষ্ট্রকে সালিহ বলেন, “আপনাদের ইচ্ছাগুলোকে ইরাকের ওপর চাপিয়ে দিয়ে বোঝা ভারি করবেন না।” তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্র বৃহৎ একটি শক্তিশালী দেশ, কিন্তু আপনাদের নীতি বাস্তবায়নের জন্য আমাদের পেছনে লাগবেন না। এখানে আমরা বাস করি।”
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার ফলে কঠিন অবস্থায় পড়েছে ইরাক। দেশটির প্রেসিডেন্ট সালিহ বলেছেন, “ইরাকের মৌলিক স্বার্থেই ইরান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের ভালো সম্পর্ক রাখা জরুরি।”
