২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার গুইদোকে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি

ভেনেজুয়েলার অন্তর্বর্ন্তী প্রেসিডেন্ট হিসাবে হুয়ান গুইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে স্পেন, ব্রিটেন, অস্ট্রিয়া, সুইডেন এবং ডেনমার্ক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2019, 04:43 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া সময়সীমা রোববারের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আল্টিমেটাম প্রত্যাখ্যান করায় সোমবার দেশগুলো গুইদোকে এ স্বীকৃতি দিল।

ভেনেজুয়েলা সরকার নির্বাচন দিতে অস্বীকৃতি জানানোয় এখন গুইদোরই নতুন নির্বাচন আয়োজনের অধিকার আছে বলে দাবি করেছে ফ্রান্স।

গুইদো গতমাসে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। সঙ্গে সঙ্গেই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।

গুইদোর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগ করেছেন মাদুরো। পদত্যাগের জন্য মাদুরোর ওপর চাপ বাড়তে থাকায় দেশে গৃহযুদ্ধ বেধে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

টিভি তে এক সাক্ষাৎকারে মাদুরো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, “ভেনেজুয়েলা সংকটে হস্তক্ষেপ করলে ট্রাম্পকে রক্তের দাগ নিয়ে হোয়াইট হাউস ছাড়তে হবে।”

ইইউ দেশগুলো কি বলছে?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ৮ দিনের মধ্যে আগাম প্রেসিডেন্ট নির্বাচন দিতে বলেছিল ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, জার্মানি এবং স্পেনসহ ইউরোপীয় দেশগুলো। মাদুরো তা না মানলে গুইদোকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছিল তারা।

ওই সময়সীমা পেরোনোর পরই সোমবার টুইটারে এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেন, “ইউরোপীয় মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যও এখন বিশ্বাসযোগ্য একটি নির্বাচন না হওয়া পর্যন্ত গুইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সাংবিধানিক প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিচ্ছে।”

স্পেনের প্রধানমন্ত্রী গুইদোকে যত দ্রুত সম্ভব নির্বাচন ডাকার আহ্বান জানান। গুইদোর প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বৈধতা আছে বলে মন্তব্য করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও।

কি বলছেন মাদুরো?

মাদুরো ইইউ এর আল্টিমেটাম উপেক্ষা করে বলেছেন, আমরা কারো কাছ থেকে আল্টিমেটাম মানি না। বিষয়টি অনেকটা এরকম: যদি আমি ইউরোপীয় ইউনিয়নকে বলি, “আমি রিপাবলিক অব কাতালুনিয়াকে স্বীকৃতি দেওয়ার জন্য ৭ দিন বেঁধে দিচ্ছি। আপনারা এর মধ্যে তা না করলে আমরা কাতালুনিয়াকে স্বীকৃতি দেব।”

“ না, কোনো আন্তর্জাতিক রাজনীতিই আল্টিমেটামের ওপর ভিত্তি করে চলতে পারে না। এমনটি তো ছিল সেই সাম্রাজ্য আর কলোনির যুগে,” বলেন মাদুরো।

স্পেনের টিভি প্রোগ্রামে একটি সাক্ষাৎকারে মাদুরোকে ভেনেজুয়েলা সংকট গৃহযুদ্ধে মোড় নিতে পারে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আজ কেউই এ প্রশ্নের উত্তর নিশ্চিত করে বলতে পারবে না।”

সবকিছুই নির্ভর করছে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্রদেশগুলোর উন্মত্ততা এবং আগ্রাসী আচরণের মাত্রার ওপর, বলেন মাদুরো।

তিনি আরো বলেন, “আমরা আমাদের অভ্যন্তরীন বিষয়ে কাউকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানাচ্ছি..এবং আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রস্তুতও হচ্ছি।”

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলা সংকটে সামরিক হস্তক্ষেপকে বিকল্প হিসাবে হাতে রাখার যে আভাস দিয়েছেন সে সম্পর্কে মাদুরো বলেন, তিনি হস্তক্ষেপ করলে তাকে ভিয়েতনাম যুদ্ধেরই পুনরাবৃত্তি ঘটার ঝুঁকি নিতে হবে।