মাদুরোর পক্ষত্যাগে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জেনারেলের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিদ্রোহ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
শনিবার টুইটারে আপলোড করা এক ভিডিওতে ভেনেজুয়েলার বিমান বাহিনীর হাই কমান্ডের জেনারেল ফ্রান্সিসকো জানিয়েস এ আহ্বান জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সশস্ত্র বাহিনীর অধিকাংশই ইতোমধ্যে মাদুরোকে অস্বীকার করেছে বলে ওই ভিডিওতে জানিয়েছেন জেনারেল জানিয়েস।
তিনি বলেছেন, “ভেনেজুয়েলার জনগণ, সশস্ত্র বাহিনীর ৯০ শতাংশ ওই একনায়কের সঙ্গে নেই, তারা ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আছেন। গত কয়েক ঘন্টায় যা কিছু ঘটেছে তা ইতোমধ্যে গণতন্ত্রে গমনকে আসন্ন করে তুলেছে।”
ভেনেজুয়েলার বিমান বাহিনীর হাই কমান্ডের ওয়েব পেইজে একটি ছবিসহ জানিয়েসকে বিমান বাহিনীর স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিজেদের টুইটার অ্যাকাউন্টে ভেনেজুয়েলা বিমান বাহিনীর হাই কমান্ড জেনারেল জানিয়েসকে ‘দেশদ্রোহীতার’ অভিযোগে অভিযুক্ত করেছে।
২৩ জানুয়ারি বিরোধীদলের এক জনসভায় নিজেকে ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেছিলেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। তারপর থেকে জানিয়েসই ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে কর্মরত একমাত্র জেনারেল যিনি গুইদোর প্রতি সমর্থন জানিয়েছেন।
মাদুরোকে চাপে রাখতে দেশটির বিরোধীদলগুলো শনিবার সারা দেশব্যাপী প্রতিবাদের প্রস্তুতি নেওয়ার মধ্যেই এই জেনারেলের ভিডিওটি সামনে এলো।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ ব্রাজিল, কলম্বিয়াসহ ২০টি দেশ গুইদোকে ভেনেজুয়েলার ‘অন্তর্ববর্তী প্রেসিডেন্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে চীন, রাশিয়া, তুরস্ক, ইরান, কিউবা, মেক্সিকোসহ বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে।
