২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা নিল রাশিয়া

যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরোনোর হুমকি দেওয়ার পরদিন স্নায়ু যুদ্ধকালীন ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2019, 06:18 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্র উদ্ভাবন শুরু করবে রাশিয়া।

দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লংঘনের অভিযোগ করে আসা যুক্তরাষ্ট্র শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির আওতায় তাদের বাধা-নিষেধ স্থগিতের ঘোষণা দেয়। মস্কো তার অবস্থান না পাল্টালে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

এরপর শনিবার ভ্লাদিমির পুতিন ওই চুক্তি স্থগিতের পাশাপাশি পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি হয়েছিল। এর ফলে উভয়পক্ষকেই ভূমি থেকে নিক্ষেপযোগ্য স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপ থেকে সরিয়ে নিতে হয়েছিল।

চুক্তি অনুযায়ী মস্কো ও ওয়াশিংটন যেন নতুন করে ইউরোপে এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন না করতে পারে, সে বিষয়েও নিষেধাজ্ঞা ছিল।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার এক ঘোষণায় বলেন, মস্কো কয়েক বছর ধরে এই চুক্তি লংঘন করছে এবং তারা এটি করা বন্ধ না করলে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে সরে যাবে।

তার ওই ঘোষণার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে (টেলিভিশনে সম্প্রচারিত) পুতিন বলেন, “মার্কিন অংশীদাররা চুক্তিতে তাদের অংশগ্রহণ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে, আমরাও এটি স্থগিত করলাম।”

রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে কাজ শুরু করবে বলে ঘোষণা দেন তিনি।

পাশাপাশি মন্ত্রীদের ওয়াশিংটনের সঙ্গে নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা শুরু না করার কথাও বলেছেন। এ ধরনের উদ্যোগে সাড়া দিতে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণ করে বলেও অভিযোগ করেছেন তিনি।

পুতিন বলেছেন, “আমরা বারবার অনেক বছর ধরে এবং ধারাবাহিকভাবে নিরস্ত্রীকরণ ইস্যুসহ সব বিষয়ে ফলপ্রসূ আলোচনার বিষয়ে প্রশ্ন তুলেছি। কিন্তু গত কয়েক বছরে অংশীদাররা আমাদের উদ্যোগে সমর্থন জানায়নি, এটিই দেখেছি আমরা।”

বৈঠক চলাকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও আইএনএফ ও পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিসহ অন্যান্য চুক্তি লংঘন করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন।

নতুন অস্ত্রের জন্য রাশিয়া তার সামরিক বাজেট বৃদ্ধি করবে না এবং যুক্তরাষ্ট্র না করলে ইউরোপ বা অন্যান্য অঞ্চলে তারা তাদের অস্ত্র মোতায়েন করবে না বলে জানিয়েছেন পুতিন।

অনেকগুলো ইস্যু নিয়ে বিরোধে মস্কোর সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক এখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এসব ইস্যুর মধ্যে ইউক্রেইন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে রাশিয়ার নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেওয়া, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের কথিত অভিযোগ এবং ব্রিটেনে একটি নার্ভ গ্যাসের আক্রমণের সঙ্গে রাশিয়ার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এমন একটি সময়ে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে মতবিরোধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সম্পর্ক আরও নাজুক হয়ে উঠছে।