২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় গুইদোর বাড়িতে পুলিশের হানা

ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুইদোর বাড়িতে হানা দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা। এমন কথাই জানিয়েছেন গুইদো। এভাবে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2019, 01:46 AM

Updated : 08 Apr 2022, 03:47 PM

বৃহস্পতিবার সকালের দিকে পুলিশ বাড়িতে হাজির হয় বলে জানান গুইদো। তারা তার স্ত্রীর খোঁজ করে। ওই সময় বাড়িতে ২০ মাসের কন্যাসন্তানকে নিয়ে ছিলেন গুইদোর স্ত্রী। আর গুইদো তখন ছিলেন বাড়ির বাইরে।

 গুইদো এক টুইটে এ পুলিশী হানার কথা জানান। তবে বলেন, তাদের উদ্দেশ্য কি তা স্পষ্ট নয়। টুইটে গুইদো লেখেন, “এ মুহূর্তে স্পেশাল একশন ফোর্স (এফএইএস) আমার স্ত্রী ফাবিয়ানার এপার্টমেন্টে উপস্থিত হয়েছে। আমার মেয়ের কিছু হলে মাদুরো দায়ী হবেন।”

বৃহস্পতিবার কারাকাসের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের গুইদো বলেন, দেশের প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাত করতে তিনি আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা নেওয়ায় তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। পুলিশী হানার ওই ঘটনা এরই লক্ষণ।

বিশ্ববিদ্যালয়ের ভাষণে তিনি বলেন, “একনায়ক শাসকরা ভাবছে তারা আমাদেরকে ভয় পাইয়ে দেবে। এখানে আসার আগেই আমি ওই ঘটনা সম্পর্কে জেনেছি। কিন্তু শুরুতেই সেকথা বলিনি। দেশের ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে ভাষণ শুরু করেছি।”

সরাসরি নিরাপত্তা বাহিনীর নাম নিয়ে গুইদো বলেন, “আমার ২০ মাসের সন্তানকে কোনোরকম ভয়ভীতি দেখানো হলে আপনাদেরকেই আমি দায়ী করব।”

পরে এক কূটনীতিককে সঙ্গে নিয়ে গুইদো বাড়ির পথে রওনা হন। গুইদোকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র এরই মধ্যে সতর্ক করে দিয়ে জানিয়েছে, তার কোনো ক্ষতি হলে মাদুরো সরকারকে ‘মারাত্মক পরিণতি' ভোগ করতে হবে।

মাদুরো এবং বিরোধীদলীয় নেতা গুইদোর রাজনৈতিক লড়াইয়ে দুইজনের পক্ষেই সামিল রয়েছে বিশ্বের নানা দেশ।

ভেনেজুয়েলায় গত ২৩ জানুয়ারি চলমান সরকারবিরোধী বিক্ষোভের মাঝে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো গুইদোকে ভেনেজুয়েলার ‘বৈধ রাষ্ট্রপ্রধান’ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মাদুরোকে ‘ক্ষমতা দখলকারী’ আখ্যা দিয়ে তার নিন্দা করেছে। অপরদিকে চীন, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ খোলাখুলি মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে।