২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার গুইদোকে ইইউ পার্লামেন্টের স্বীকৃতি

ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে কার্যত রাষ্ট্রের প্রধান হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jan 2019, 09:38 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

বৃহস্পতিবার এ স্বীকৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়ল।

গুইদোকে স্বীকৃতি দিতে ইউরোপীয় পার্লামেন্ট ব্রাসেলসে এক বিশেষ অধিবেশনে ভোটাভুটি করেছে। পক্ষে পড়েছে ৪২৯ ভোট। বিপক্ষে পড়েছে  ১০৪ ভোট। ৮৮ জন ভোটদানে বিরত ছিল।

ভেনেজুয়েলায় নতুন করে একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত গুইদোকেই দেশটির ‘একমাত্র বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হিসাবে স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়নের ২৮ টি সদস্য দেশকে এক বিবৃতিতে আহ্বানও জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এবং স্পেন গত শনিবারই আল্টিমেটাম দিয়ে বলেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ৮ দিনের মধ্যে নির্বাচন না দিলে তারা গুইদোকেই স্বীকৃতি দেবে। তবে সামগ্রিকভাবে ইইউ’র সব দেশ একযোগে এ নতুন নির্বাচনের কোনো সময়সীমা দেয়নি।

ওদিকে, মাদুরো নতুন নির্বাচনের আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির পথে হাঁটার জন্য ইইউ নেতাদের নিন্দাও করেছেন।

ইউরোপীয় পার্লামেন্টের বৈদেশিক নীতি পরিচালনার কোনো এখতিয়ার না থাকলেও তারা মানবাধিকারের রক্ষক হিসাবে ভূমিকা পালনে উদ্যোগী।

স্পেনের মধ্য-ডান ইইউ আইনপ্রণেতা এস্তেবান গঞ্জালেজ পনস এক বিবৃতিতে বলেছেন, “ভেনেজুয়েলার রাস্তায় যারা বিক্ষোভ করছে তারা ইউরোপীয় নয়। কিন্তু তারা সেই একই মূল্যবোধের জন্য লড়ছে যার জন্য আমরা লড়াই করি।”

ভেনেজুয়েলায় গত ২৩ জানুয়ারি চলমান সরকারবিরোধী বিক্ষোভের মাঝে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ বহু দেশ।

ভেনেজুয়েলায় গত বছরের ভোটে মাদুরো জয়লাভ করলেও কারচুপির অভিযোগে দেশটির বিরোধীদল ওই ভোট বয়কট করে। আন্তর্জাতিক অঙ্গনও ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবারও নির্বাচন আয়োজনের আহ্বান জানায়। ওই আহ্বান উপেক্ষা করেই গত মাসে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন মাদুরো।