ভারতে মোদীর আমলে রেকর্ড বেকারত্ব, ৪৫ বছরে সর্বোচ্চ
১৯৭০ এর দশক থেকে গত ৪৫ বছরে ভারতে বেকারত্বের হার সর্বোচ্চে পৌঁছেছে ২০১৭-১৮ আর্থিক বছরে। ‘দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে’র সমীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে।
এতে দেখা গেছে, ২০১৭-১৮ সালে ভারতে বেকারত্বের হার ৬.১ শতাংশ, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। ভারতে নির্বাচনের আগে দিয়ে বেকারত্বের হারের পরিসংখ্যানের এ প্রতিবেদন সরকার চেপে রাখতে চেয়েছে বলেই অভিযোগ আছে।
জাতীয় পরিসংখ্যান কমিশন (এনএসসি) গতমাসেই প্রতিবেদনটি প্রকাশের অনুমতি দিলেও তা করা হয়নি। গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে বিতর্ক চলেছে। প্রতিবেদন প্রকাশ না করার প্রতিবাদে এনএসসি’র দুই কর্মকর্তা পদত্যাগও করেন। বিরোধীরা দেশে বেকারত্ব বাড়ার লাগাতার অভিযোগ করলেও এ সংক্রান্ত কোনো সরকারি প্রতিবেদন এতদিন সামনে আসেনি।
সরকারের এই টালবাহানার মধ্যে গুমর ফাঁক করেছে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকা। এক একান্ত প্রতিবেদনে পত্রিকাটি সমীক্ষার ফল প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি। এতে ভোটের আগে এ নিয়ে বাড়তি আরেক ঝামেলায় পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রতিবেদনে দেখা গেছে, ভারতে বেকারত্বের হার এখন সত্যিই গগনচুম্বী। গ্রামের চেয়ে শহরাঞ্চলে বেকারত্বের হার অনেক বেশি। বেকারত্বের এ পরিসংখ্যান তুলে ধরে আনন্দবাজার পত্রিকা জানায়, গ্রামে বেকারত্বের হার ৫.৩ শতাংশ, সেখানে শহরাঞ্চলে বেকারত্বের হার ৭.৮ শতাংশ। সামগ্রিকভাবে সারা দেশে বেকারত্বের হার গত ছয় বছরে ২.২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬.১ শতাংশে। অন্যদিকে দেশের যুবসমাজের মধ্যে বেকারত্বের হার ১৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশে।
সমীক্ষা বলছে, নোটবন্দির পর ভারতে বেকারত্ব বেড়েছে উল্লেখযোগ্য হারে৷ ২০১৬ সালে মোদী সরকার নোটবন্দি ঘোষণা করার পর এটিই প্রথম সরকারি সমীক্ষা। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুনের মধ্যকার সময়ে তথ্য সংগ্রহ করে সমীক্ষাটি চালানো হয়েছে৷
প্রতিবেদন অনুয়ায়ী, গ্রামের ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবকদের ক্ষেত্রে বেকারত্বের হার এখন শোচনীয়। ২০১১-১২ সালে সমাজের এ অংশে বেকারত্বের হার ছিল ৫ শতাংশ। ২০১৭-১৮ সালে তা প্রায় তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৪ শতাংশে। গ্রামের ১৫ থেকে ২৯ বছরের নারীদের ক্ষেত্রেও বেকারত্বের হার উদ্বেগজনক। ২০১১-১২ সাল থেকে ২০১৭-১৮ পর্যন্ত তাদের মধ্যে বেকারত্বের হার ৪.৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩.৬ শতাংশ।
২০১৩ সালে মোদীর একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থান সৃষ্টি করা। গতবছরের শুরুতেই ভারতের অর্থনীতি পর্যবেক্ষণকারী কেন্দ্র দেশটিতে বেকারত্ব বাড়ছে বলে সতর্ক করেছিল। এখন রেকর্ড বেকারত্বের পরিসংখ্যান সামনে আসতেই বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এক টুইটে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে লিখেছেন, মোদী ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন ফাঁস হওয়া এ প্রতিবেদন জাতীয় বিপর্যয়ই সামনে নিয়ে এসেছে।
তবে সঙ্গে সঙ্গেই এ টুইটের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জনতা পার্টিও। তারা বলেছে, “গত ১৫ মাসে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড’ এর তথ্য থেকেই তা স্পষ্ট।”
