ইইউ’কে মাদুরোর ওপর চাপ বজায় রাখার আহ্বান গুইদোর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো।
চার সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠানের জন্য মাদুরোকে এ চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট একথা জানিয়েছেন।
ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার এক অনানুষ্ঠানিক বৈঠকে বসার আগে হান্ট বুধবার ফোনে গুইদোর সঙ্গে কথা বলেন। এ সময় তার এক প্রশ্নের জবাবেই গুইদো ওই আহ্বান জানান।
গুইদোর সঙ্গে কথপোকথনের বর্ণনা দিয়ে হান্ট বলেন, “আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমার এবং অন্যান্য ইইউ পররাষ্ট্রমন্ত্রীর জন্য আপনার (গুইদো) বার্তা কি? তিনি দুটো কথা বলেছেন। মাদুরো যিনি দেশের এত ক্ষতি করেছেন তার ওপর চাপ বজায় রাখুন। আর মনে রাখুন, এ মুহূর্তে দেশটি মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।”
আগামী রোববারের মধ্যে মাদুরো নতুন নির্বাচন না দিলে ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হিসাবে গুইদোকেই স্বীকৃতি দিতে প্রস্তুত থাকার কথা এরই মধ্যে জানিয়েছে ইইউ দেশগুলো।
গত ২৩ জানুয়ারি চলমান সরকারবিরোধী বিক্ষোভের মাঝে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ বহু দেশ।
ভেনেজুয়েলায় গত বছরের ভোটে মাদুরো জয়লাভ করলেও কারচুপির অভিযোগে দেশটির বিরোধীদল ওই ভোট বয়কট করে। আন্তর্জাতিক অঙ্গনও ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবারও নির্বাচন আয়োজনের আহ্বান জানায়। ওই আহ্বান উপেক্ষা করেই গত মাসে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন মাদুরো।
