ভেনেজুয়েলার সোনা নিয়ে লেনদেন না করার আহ্বান হোয়াইট হাউসের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে দেশটির ওপর দেওয়া নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে সেখানকার সোনা ও তেল নিয়ে লেনদেন না করতে ব্যবসায়ীদের সতর্ক করেছে হোয়াইট হাউস।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন টুইটারে এ সতর্কতার কথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মাদুরো সরকার সোনার মজুদ বিদেশে সরিয়ে নিচ্ছে বিরোধীরা এমন সন্দেহ পোষণ করার পর বোল্টন ওই টুইট করেছেন।
মার্কিন এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ভেনেজুয়েলার জনগণের কাছ থেকে ‘চুরি করে নেওয়া’ সোনা, তেল বা অন্য কোনো পণ্যে লেনদেন করা ব্যবসায়ীদের উচিত হবে না।
ভেনেজুয়েলা বিষয়ক নতুন মার্কিন দূত এলিয়ট আব্রামস বলেছেন, বিশ্বের কোথায় কোথায় মাদুরো সরকারের সম্পদ, সোনার মজুদ ও ব্যাংক হিসাব আছে ওয়াশিংটন তারও খোঁজ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভেনেজুয়েলার স্বঘোষিত ‘প্রেসিডেন্ট’ হুয়ান গুইদোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপচারিতায় ট্রাম্প ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে’ গুইদোর প্রতি সমর্থনও ব্যক্ত করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ থাকা দেশ ভেনেজুয়েলা বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে আছে। সংকট নিরসনে গুইদো এবং যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা সমর্থকরা ক্ষমতার পরিবর্তন ও নতুন নির্বাচনের দাবি তুলেছে।
অপরদিকে মাদুরো এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দ্বিতীয় মেয়াদে ছয় বছর ক্ষমতায় থাকার পর ২০২৫ সালেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। রাশিয়া, চীন ও তুরস্ক তাকে সমর্থন দিচ্ছে।
গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত নির্বাচনে জিতে মাদুরো দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেও সেই নির্বাচন ও তার ফলাফল প্রত্যাখ্যান করেছিল বিরোধীরা।
রয়টার্স বলছে, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল বিক্রি বেশ ক্ষতিগ্রস্ত হবে। একই কারণে তারা রাশিয়া ও চীনের মতো মিত্রদেশগুলোর ঋণ শোধ করতেও হিমশিম খাবে বলে ধারণা পর্যবেক্ষকদের।
এ পরিস্থিতিতে সোমবার মস্কো থেকে আসা একটি বোয়িং৭৭৭ বিমান কারাকাসে নামলে মাদুরো সরকার মজুদ সোনা রাশিয়ায় পাচার করছে বলে গুঞ্জন শুরু হয়। এর আগে গতবছর ভেনেজুয়েলা ৯০ কোটি ডলার মূল্যের সোনা তুরস্কে পাঠিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের তারল্য বৃদ্ধির কৌশলের অংশ হিসেবেই এটি করা হয়েছিল বলে অনুমান বিশেষজ্ঞদের।
ভেনেজুয়েলায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা রাশিয়া ও চীন এরইমধ্যে গুইদোকে তার নতুন নির্বাচনের দাবি তুলে নিয়ে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছে।
মাদুরো সরকারের সঙ্গে আগের কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর বিরোধীরা এ প্রস্তাবে তাদের সন্দেহের কথাও প্রকাশ করেছে। সময়ক্ষেপণ ও আন্দোলন দমনের কৌশল হিসেবেই মাদুরো আলোচনাকে ব্যবহার করেন বলেও ভাষ্য তাদের।
যুক্তরাষ্ট্রে গুইদোর প্রতিনিধি কার্লোস ভেচ্চি বলেছেন, একমাত্র সেই আলোচনা নিয়েই তারা আগ্রহী যেখানে মাদুরোর পদত্যাগ ও নতুন নির্বাচন নিয়ে কথা হবে।
বুধবার গুইদোর ডাকে ভেনেজুয়েলার পতাকা হাতে লাখ লাখ নাগরিক দেশটির বিভিন্ন শহরে মাদুরোবিরোধী বিক্ষোভও দেখিয়েছে। দেশটিতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ধরনের বিক্ষোভ ও তাকে কেন্দ্র করে সহিংসতায় ৪০ এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।
