‘পারমাণবিক অস্ত্র সমূলে বিনাশ করবে না উ. কোরিয়া’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যতই আশা করুক, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র সমূলে বিনাশ করবে না। এমন কথাই বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে।
বিশ্বব্যাপী হুমকি নিয়ে এ মূল্যায়ন প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু চীন এবং রাশিয়ার সাইবার হুমকি দিন দিনই উদ্বেগের কারণ হয়ে উঠছে। দু’টো দেশই ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা নিতে পারে।
মঙ্গলবার মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস ও অন্যান্য গোয়েন্দা প্রধানরা দেশটির সিনেট গোয়েন্দা কমিটিতে এ প্রতিবেদন পেশ করেন।
এতে বলা হয়, “উত্তর কোরিয়া তাদের অস্ত্র ভান্ডার পুরোপুরি নির্মূল করবে না। তারা অস্ত্র সক্ষমতা ধরে রেখে আলোচনার মাধ্যমে কেবল আংশিকভাবে কিছু অস্ত্র ধ্বংস করার পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ছাড় পাওয়ার চেষ্টা করবে। কারণ, পারমাণবিক অস্ত্র থাকাটা উত্তর কোরিয়ার টিকে থাকার জন্য জরুরি।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গতবছর জুনে প্রথম বৈঠক করেছিলেন। ওই বৈঠকে কোরিয়া উপদ্বীপকে অস্ত্রমুক্ত করতে রাজি হয়েছিলেন কিম।
ফলে বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির অবসান ঘটেছে বলে ট্রাম্প ওই সময় দাবি করেছিলেন। ট্রাম্প এবং কিম পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তি করেছিলেন এবং সে পথে হাঁটায় প্রতিশ্রুতিবদ্ধও হয়েছিলেন।
কিন্তু কিভাবে তা সম্পন্ন করা হবে সে প্রক্রিয়া নিয়ে দুইজনের মধ্যে কোনো সমঝোতা হয়নি। আর উত্তর কোরিয়াও পরে নিরস্ত্রীকরণের পথে খুব একটা এগোয়নি।
