ফিলিপিন্সে মসজিদে গ্রেনেড হামলায় নিহত ২
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের খ্রিস্টান প্রধান এক প্রদেশের একটি মসজিদে গ্রেনেড হামলায় দুই জন নিহত হয়েছেন।
মিন্দানাও অঞ্চলের একটি গির্জায় ভয়াবহ বোমা হামলার মাত্র তিন দিন পরে বুধবার ভোররাতে এ হামলাটি চালানো হয় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এ হামলার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ফিলিপিন্সের কর্তৃপক্ষগুলো।
ভোররাতে জামবোয়াঙ্গার ওই মসজিদটিতে এটি গ্রেনেড ছুড়ে মারা হয়। এতে দুজন নিহত ও আরও চার জন আহত হন।
হামলার পর দীর্ঘদিন ধরে পাশাপাশি শান্তিতে বসবাস করা খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়কে মাথা ঠাণ্ডা রাখার ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষগুলো।
এ হামলার কয়েক ঘন্টা আগে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে জোলো দ্বীপে গির্জায় হামলায় ২১ জন নিহত এবং এতে একজন আত্মঘাতী বোমারু জড়িত থাকতে পারে বলে জানিয়েছিলেন।
গির্জায় বোমা হামলার সঙ্গে মসজিদে হামলার কোনো সংযোগ নেই বলে দাবি করেছেন ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা।
এ হামলাকে ‘নারকীয়, অবমানবিক’ আখ্যায়িত করেছেন জামবোয়াঙ্গার উলেমা কাউন্সিল।
‘সবাইকে একযোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মুজিভ হাতামান।
