চার বছরের শিশুকে গাঁজার কুকি দিলেন চিকিৎসক!
চার বছরের বালককে গাঁজার তৈরি কুকিজ খাওয়ার পরামর্শ দিয়ে লাইসেন্স খোয়াতে বসেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসক।
যদিও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে চিকিৎসা প্রয়োজনে গাঁজার ব্যবহার বৈধ।
ডা. উইলিয়াম ইডেলম্যান একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চার বছরের ওই শিশুর মেজাজ নিয়ন্ত্রণে তিনি চিকিৎসাপত্রে স্বল্প মাত্রায় গাঁজা সেবনের পরামর্শ দেন বলে জানায় বিবিসি।
শিশুটি ‘বাইপোলার ডিসঅর্ডার এবং এটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ এ ভুগছে বলে জানিয়েছিলেন তিনি। পরে জানা যায়, রোগ সনাক্তে তার ভুল হয়েছিল।
যার প্রেক্ষিতে মেডিকেল বোর্ড অব ক্যালিফোর্নিয়া তার চিকিৎসক লাইসেন্স বাতিল করার নির্দেশ দেয়। ওই নির্দেশের বিরুদ্ধে তিনি আপিল করেছেন।
বিবিসি জানায়, মেডিকেল বোর্ড শিশুকে গাজা সেবনের পরামর্শ দেওয়ার কারণে নয় বরং ডা. ইডেলম্যানের বিরুদ্ধে ‘সেবা ও চিকিৎসা অবহেলা’ করার অভিযোগ এনেছে।
অভিযোগপত্রে বলা হয়, ডা. ইডেলম্যান শিশুটিকে মনরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতে এবং তার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন।
স্কুলে উচ্ছৃঙ্খল আচরণের কারণে ২০১২ সালে শিশুটির বাবা তাকে ডা. ইডেলম্যানের কাছে নিয়ে যান। তিনি বালককে শান্ত রাখতে স্বল্প মাত্রায় গাঁজা সেবন করানোর পরামর্শ দেন।
শিশুটির বাবা স্কুলের একজন সেবিকাকে দুপুরের খাবারের সময় তাকে গাঁজার তৈরি কুকিজ খাওয়াতে বললে বিষয়টি জানাজানি হয়ে যায়।
শিশুটির বাবার দাবি, শৈশবে তিনিও ‘বাইপোলার ডিসঅর্ডার এবং এটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ এ ভুগেছেন এবং নানা ওষুধ সেবন করে কোনো উপকার পাননি।
কিন্তু বড় হয়ে গাঁজা সেবন শুরু করার পর তার মেজাজ ঠান্ডা হয়েছে এবং তিনি স্ত্রী-সন্তানদের সঙ্গে ভাল আচরণ শুরু করেছেন।
“এমনকি আমার বড় ছেলেরও একই সমস্যা ছিল এবং তার ক্ষেত্রেও গাঁজা ভালো ফল দিয়েছে,” বলেন তিনি।
