চীনাদের ইংরেজি বলার পরামর্শ দিয়ে মার্কিন অধ্যাপক বরখাস্ত
ইমেইল পাঠিয়ে চীনা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ‘ইংরেজিতে কথা বলা’র পরামর্শ দিয়ে পদ খুইয়েছেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক।
নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মেগান নিলি গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বিভাগের পরিচালক হিসাবে কাজ করে আসছিলেন।
শিক্ষার্থীদের কাছে এক ইমেইল বার্তায় তিনি বলেন, তার অনুষদের দুই সদস্য তার কাছে চীনা শিক্ষার্থীদের বিভাগীয় এলাকায় নিজেদের ভাষায় কথা বলার বিরুদ্ধে অভিযোগ করেছে। ইংরেজিতে কথা না বললে বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি শিক্ষার্থীদের ‘অস্বস্তিকর পরিস্থিতিতে’ পড়তে হয়ে বলেও লেখেন তিনি।
তার ওই ইমেইল টুইটার ও চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এ ইমেইলকে বর্ণবিদ্বেষী ও অসংবেদনশীল বলে সমালোচনা করেছেন; উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হয়ত সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতেই ডিউক ইউনিভার্সিটির চিকিৎসা অনুষদ তাদের বায়োস্ট্যাটিস্টিকস মাস্টার্স প্রোগ্রাম পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রকল্পের পরিচালকের পদ থেকে অধ্যাপক নিলিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
যদিও বায়োস্ট্যাটিস্টিকস মাস্টার্স প্রোগ্রামের সংখ্যালঘু শিক্ষার্থীদের কেউ কেউ অধ্যাপক নিলির পক্ষ নিয়েছেন। তারা নিলিকে একজন আন্তরিক প্রকল্প পরিচালক বলে বর্ণনা করেছেন।
আর নিলিরও দাবি, তিনি সবাইকে একই প্ল্যাটফর্মে আনতে নিজেদের মধ্যে ইংরেজি ভাষায় যোগাযোগের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার নির্দেশনাই ইমেইলে দিয়েছিলেন।
