এবার ভেনেজুয়েলার গুইদোকে অস্ট্রেলিয়ার সমর্থন
যুক্তরাষ্ট্র, কানাডা ও লাতিন আমেরিকার দেশগুলোর পর এবার অস্ট্রেলিয়া নতুন নির্বাচনের আগ পর্যন্ত ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে স্বীকৃতি দিয়েছে।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোরাইস পেইন বলেন, “নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী অস্ট্রেলিয়া দেশটির পার্লামেন্টের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে হুয়ান গুইদোকে স্বীকৃতি ও সমর্থন দিচ্ছে।
“সেখানে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা এখন দেশটির সবদলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। যাতে ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরে আসে, আইনের শাসন প্রতিষ্ঠা পায় এবং ভেনেজুয়েলার জনগণের মানবিক অধিকার রক্ষা পায়।”
গত বুধবার সরকার বিরোধী এক সমাবেশে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে অবৈধ বর্ণনা করে গুইদো নিজেকে ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। তারপর থেকেই দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশটিতে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।
গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণার পরপর ওই দিনই যুক্তরাষ্ট্র, কানাডা এবং লাতিন আমেরিকার অধিকাংশ দেশ তাকে স্বীকৃতি দেয়। এখন পর্যন্ত ২০টির বেশি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে।
অন্যদিকে রাশিয়া, চীন ও তুরস্কসহ কয়েকটি দেশ প্রেসিডেন্ট মাদুরো সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।
গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, কানাডা, লাতিন আমেরিকার কয়েকটি দেশ এবং ইউরোপের দেশগুলো ভেনেজুয়েলায় আগাম নির্বাচনের জন্য চাপ দেওয়ার প্রস্তাব তোলে; চীন এবং রাশিয়া ওই প্রস্তাবের শক্ত বিরোধিতা করে।
অস্ট্রেলিয়া গুইদোকে স্বীকৃতি দিলেও প্রতিবেশী নিউজিল্যান্ড এখনই আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নিউজিল্যান্ড কোনো সরকারকে স্বীকৃতি দিয়ে বিবৃতি দেয় না।
“স্বাধীন ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করা প্রয়োজন। নিউজিল্যান্ড সরকার ভেনেজুয়েলায় ২০১৮ সালের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে; যে উদ্বেগ এখনও আছে।”
