ব্যবসার জন্য উন্মুক্ত মিয়ানমার: বিনিয়োগকারীদের সু চি
মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সুচি তার দেশে ব্যবসা করতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
রোহিঙ্গা সংকটের কারণে বিশ্বজুড়ে নেতিবাচক ভাবমূর্তি ও মিয়ানমারের অর্থনীতির শ্লথ প্রবৃদ্ধির চিত্র পাল্টাতেই তার এ আহ্বান, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
রাজধানী নেপিতোতে তার প্রশাসনের করা প্রথম আনুষ্ঠানিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনে করে সুচি মিয়ানমারের অর্থনৈতিক সম্ভাবনা, আকর্ষণীয় ভূ-প্রাকৃতিক অবস্থান, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার ও তরুণ জনগোষ্ঠীর দিকে বিনিয়োগকারীদের দৃষ্টি দিতে বলেন।
২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকে তার সরকার যেসব সংস্কার কাজে হাত দিয়েছে বক্তৃতায় সেগুলোর কথাও উল্লেখ করেন তিনি।
“বিনিয়োগ-বান্ধব পরিবেশ ও সংস্কারের ধারাবাহিকতা বিষয়ে আমাদের প্রতিশ্রুতির বিষয়ে এখানে দাড়িয়ে পুনরায় আশ্বস্ত করতে চাই আমি। মিয়ানমারে আসুন, পরিস্থিতির অপার সম্ভাবনা অনুধাবন করুন, নিজের চোখেই দেখুন নতুন অর্থনীতির কম্পন,” উপস্থিত ব্যবসায়ী, কূটনীতিক ও সাংবাদিকের উদ্দেশ্যে বলেন এ নোবেলবিজয়ী নারী।
রয়টার্স বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির সরকারের নেওয়া সংস্কার পরিকল্পনা সম্বন্ধে তেমন কিছু না জানা গেলেও ব্যবসায়ী সম্প্রদায়ের বিষয়ে মিয়ানমার সরকারের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হয়েছে এ সম্মেলন তার ইঙ্গিত দিতে পারে।
আন্তর্জাতিক বাণিজ্যে অভিজ্ঞতাসম্পন্ন সোয়ে উইন সম্প্রতি মিয়ানমারের নতুন বাণিজ্যমন্ত্রী হওয়ায় ব্যবসায়ীদের উৎসাহও বেড়েছে।
তবে বিনিয়োগকারীরা বলছে, দেশটির সরকার এখনও বিভিন্ন অঞ্চলে বিদ্যমান সহিংসতার অবসানের দিকেই বেশি মনোযোগী, অর্থনৈতিক সংস্কার ও ব্যবসায়ীদের প্রয়োজনের দিকে তাদের দৃষ্টি নেই।
সম্মেলনে সু চি রোহিঙ্গা সংকট ও এর কারণে দেশটির বিনিয়োগের যে ভয়াবহ প্রভাব পড়ছে সে বিষয়ে কিছু বলেননি। সামরিক জান্তার শাসনামলে মিয়ানমারের ওপর পশ্চিমাদের যেসব নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল, রোহিঙ্গা সংকটের কারণে সেসব নিষেধাজ্ঞার কিছু ফিরে আসতে পারে বলেও অনেকের আশঙ্কা।
২০১৭ সালের অগাস্টে নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানের কারণে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলমান প্রতিবেশি বাংলাদেশে পালিয়ে আসে।
গত বছর জাতিসংঘের একটি তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়, ‘গণহত্যার উদ্দেশ্য’ থেকেই মিয়ানমারের সেনাবাহিনী ওই অভিযানে তুমুল হত্যাযজ্ঞ ও গণধর্ষণের মতো অপরাধ সংঘটিত করেছে। এসব অপরাধের জন্য শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানোরও আহ্বান জানিয়েছে তারা।
মিয়ানমার এ প্রতিবেদনের তথ্যকে প্রত্যাখ্যান করেছে।
রোহিঙ্গা সংকটের কারণেই বিদেশি বিনিয়োগকারীরা দেশটিতে তাদের প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে দেরি করছেন বলে গত বছর এক প্রতিবেদনে বলেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলও।
একই কারণে ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও জানিয়েছে রয়টার্স। ইউরোপের সবচেয়ে বড় এ জোটে পণ্য রপ্তানিতে নেপিতো যে শুল্কমুক্ত সুবিধা পেত, তা তুলে নেওয়ার সম্ভাবনাও আছে।
এ সিদ্ধান্ত মিয়ানমারের দ্রুতবর্ধনশীল পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে এবং হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে বলেও ধারণা পর্যবেক্ষকদের।
চলতি মাসে ইইউ মিয়ানমার ও কম্বোডিয়ার চাল আমদানিতে শুল্ক আরোপ করেছে। ২০১৮-১৯ সালে মিয়ানমারের জিডিপি প্রবৃদ্ধি কম হবে বলেও জানিয়েছে বিশ্ব ব্যাংক।
