২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বাস্তুচ্যুতদের ক্যাম্পে হামলায় ৮ বেসামরিক নিহত

ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে গোলার আঘাতে আট বেসামরিক নিহত ও আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 11:12 AM

Updated : 08 Apr 2022, 03:46 PM

শনিবার এ হামলা হলেও কারা গোলাবর্ষণ করেছে জাতিসংঘের বিবৃতিতে সে সম্পর্কে কিছু বলা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইয়েমেনে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক লিসা গ্রান্ট বলেছেন, “নিজেদের ঘরবাড়ি ছেড়ে আইপিডি (অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি) শিবিরগুলোতে আশ্রয় নেওয়া লোকজন ইতোমধ্যেই অনেক কিছু হারিয়েছে। এ রকম একটি হামলা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না।”

সৌদি আরবের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর সামরিক জোট ও তাদের ইয়েমেনি মিত্ররা ইরান-সমর্থিত হুতি আন্দোলনকারীদের হটিয়ে দিতে না পারায় কয়েক বছর ধরে ইয়েমেনের যুদ্ধে একটি অচলাবস্থা দেখা দিয়েছে। 

হুতিরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির প্রধান শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

সম্প্রতি সুইডেনে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যুদ্ধরত পক্ষগুলো দেশটির প্রধান বন্দর শহর হোদেইদাহে অস্ত্রবিরতিতে রাজি হয়, কিন্তু এরপর নিজ নিজ পক্ষের সৈন্যদের সরিয়ে নিতে ব্যর্থ হয়। এ পদক্ষেপ প্রায় চার বছর ধরে চলা এ যুদ্ধের ইতি ঘটাতে রাজনৈতিক আলোচনার পরিবেশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।

তারপরও সাময়িক এই যুদ্ধবিরতি অনেকাংশেই পালিত হচ্ছিল, কিন্তু গত সপ্তাহ থেকে দুপক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পায়।

সমঝোতা লঙ্ঘনের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।