গাড়ি দুর্ঘটনার জন্য প্রিন্স ফিলিপের দুঃখ প্রকাশ
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ তার গাড়ির ধাক্কায় আহত নারীর কাছে লেখা এক চিঠিতে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন। ওই নারীর দ্রুত আরোগ্যও কামনা করেছেন ফিলিপ।
গত ১৭ জানুয়ারি নরফোকে প্রিন্স ফিলিপের ল্যান্ড রোভার গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় ধাক্কা লাগা গড়িটির আরোহীদের মধ্যে এমা ফেয়ারউইদারের হাতের কবজি ভেঙে যায়। জখম হয় গাড়ির চালকও।
দুর্ঘটনার সময় প্রিন্স ফিলিপের গাড়িটিও সড়কে উল্টে যায় এবং পথচারীদের সহায়তায় তিনি বেরিয়ে আসেন। তবে ফিলিপ অক্ষত ছিলেন।
এ দুর্ঘটনার পর প্রতিক্রিয়া জানানো নিয়ে রাজপরিবার ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ার পর ঘটনাটি নিয়ে ক্ষমা চেয়ে ফিলিপের এ চিঠি প্রকাশ হল।
প্রিন্স ফিলিপ (দ্য ডিউক অব এডিনবরা) চিঠিটি লেখেন গত ২১ জানুয়ারিতে। ‘দ্য সানডে মিরর’ পত্রিকা চিঠিটি প্রকাশ করেছে। এতে ৯৭ বছর বয়স্ক ফিলিপ লিখেছেন, ১৭ জানুয়ারির ওই দুর্ঘটনার সময় প্রখর সূর্যরশ্মির কারণে তিনি এমা ফেয়ারউইদারের গাড়িটি দেখতে পাননি।
তিনি লেখেন, “এ দুর্ঘটনায় আমার দিক থেকে আমি কতটা অনুতপ্ত তা আমি আপনাকে জানাতে চাই। যতদূর মনে পড়ে আমি গাড়িটিকে আসতে দেখতে পাইনি এবং এর পরিণতিতে যা ঘটেছে সেজন্য আমি খুবই অনুতপ্ত।”
“এ দুর্ঘটনার পর আমি কেঁপে উঠেছিলাম। কিন্তু যখন জানতে পারলাম কেউ গুরুতর আহত হয়নি, তখন কিছুটা স্বস্তি পেয়েছি।”
ফিলিপের কাছ থেকে গভীর অনুতাপ এবং সমবেদনা জানিয়ে লেখা এ চিঠি পেয়ে ‘চমৎকার অনুভূতি’ হয়েছে বলে জানিয়েছেন আহত নারী ফেয়ারউইদার।
এর আগে ফেয়ারউইদার অভিযোগ করে বলেছিলেন, দুর্ঘটনার বিষয়ে প্রিন্স ফিলিপ তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করেননি।
