২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের সহযোগী রজার স্টোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী ও মিত্র রজার স্টোনকে ফ্লোরিডায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2019, 10:02 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

মার্কিন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলারের রাশিয়া বিষয়ক তদন্তের আওতায় ৭ টি অভিযোগে স্টোনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফোর্ট লডারডেল শহরের আদালতে শুক্রবারই তাকে হাজির করার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

রজার স্টোনের বিরুদ্ধে সরকারি কর্ম-প্রক্রিয়ায় বাধ সাধা, মিথ্যা বিবৃতি দেওয়া এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য বদলের অভিযোগ আনা হয়েছে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় কর্মকর্তাদের ই-মেইল হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার হাত থাকার অভিযোগের সঙ্গে রজারের বিরুদ্ধে আনা ওই অভিযোগগুলোর সংশ্লিষ্টতা আছে।

প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার চালাকালে হ্যাকিং করে হাতিয়ে নেওয়া ডেমোক্র্যাট দলীয় কর্মকর্তাদের ওইসব ইমেইলের তথ্য-উপাত্ত ফাঁস করেছিল উইকিলিকস ওয়েবসাইট। গোপন নথি ফাঁসের ওই ঘটনা আলোড়ন সৃষ্টি করে।

সিএনএন এর খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরের আলো না ফুটতেই এফবিআই এজেন্টরা স্টোনকে গ্রেপ্তার করেছে। তাদের একজন স্টোনের ঘরের দরজায় টোকা দিয়ে বলেন, “এফবিআই...দরজা খুলুন।”

রজার স্টোনের এটর্নি ব্রুস রোগো “এত সকালে এভাবে তাকে গ্রেপ্তার করাটা অদ্ভুত” বলে মন্তব্য করেছেন। স্টোন যে দোষী নন সেকথা তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে গিয়েই বলবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার আাঁতাতের অভিযোগ নিয়ে তদন্ত করছেন বিশেষ কাউন্সেল রবার্ট মুলার। তিনি শুরু থেকেই স্টোনের নির্বাচনী কর্মকান্ডের সমালোচনা করে এসেছেন।

ওদিকে, স্টোন কয়েকমাস ধরে তদন্তনাধীনে থাকলেও সবসময়ই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন তার উপদেষ্টারা। সে তালিকায় স্টোনই সর্বশেষ সংযোজন।

ইমেইল হ্যাকিংয়ের সঙ্গে স্টোনের সম্পৃক্ততা কি?

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচনে প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা শিবিরের চেয়ারম্যান জন পোডেস্টা’র ইমেইলই ছিল হ্যাকারদের টার্গেট। ট্রাম্পের সহযোগী স্টোন এ হ্যাকিংয়ের ব্যাপারে আগে থেকেই জানতেন বলে অভিযোগ পোডেস্টার।

ইমেইলগুলো প্রকাশের এক মাসেরও বেশি সময় আগে পোডেস্টাকে নিয়ে এক টুইটে একটি মন্তব্য করেছিলেন স্টোন। ওই মন্তব্যেই হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে স্টোনের আগাম জানা থাকার ইঙ্গিত মেলে বলেই মত অনেকের।

তবে স্টোন এমন অভিযোগ অস্বীকার করেছেন এবং রাশিয়ার এজেন্টদের সঙ্গে কোনো যোগাযোগের কথাও জানেন না বলে দাবি করেছেন।

কিন্তু তদন্ত কর্মকর্তারা বলছেন, ইমেইল প্রকাশের আগে স্টোন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সে সময় এ যোগাযোগকে পুরোপুরি আইনি বলেও মন্তব্য করেছিলেন তিনি।

স্টোনের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটিতে স্টোন উইকিলিক্সের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে মিথ্যা কথা বলেছেন এবং এর কোনো রেকর্ডও নেই বলে দাবি করেছেন।