২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে লেখক ‘নিখোঁজ, তদন্তের ঘোষণা অস্ট্রেলিয়ার

চীনে এক লেখকের ‘নিখোঁজ’ হওয়ার খবর পাওয়ার পর এ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 03:10 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

শনিবার বিমানে করে নিউ ইয়র্ক থেকে চীনের গুয়াংঝৌতে যান সাবেক চীনা কূটনীতিক ও ব্লগার ইয়াং হেংজুন।

এরপর থেকেই তার আর কোনো খোঁজ নেই বলে তার বন্ধু সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফেং চোংয়ির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

চীনা-অস্ট্রেলিয়ান লেখক ইয়াংকে বেইজিংয়ের কর্তৃপক্ষ আটকে রেখেছে বলেও সন্দেহ ফেংয়ের।

চীন এখনো তাদের সাবেক কূটনীতিক ইয়াংয়ের প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।

অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনে নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকের সম্বন্ধে তথ্য চেয়েছে।

ইয়াংয়ের গুয়াংঝৌ যাত্রায় তার সঙ্গে চীনা স্ত্রী ইউয়ান রুই জুয়ান ও সৎছেলেও ছিল বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ইউয়ানের পোস্ট থেকে তিনি যে এখন বেইজিংয়ে আছেন, সে সম্বন্ধে ধারণা পাওয়া গেছে, জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম।

সাংহাইতে আত্মীয়স্বজনদের কাছে ছেলেকে রেখে আসার পর চীনের কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদও করেছে বলে অনুমান করা হচ্ছে।  

বিবিসি বলছে, অস্ট্রেলিয়ার নাগরিক ইয়াং বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা কমিউনিস্ট পার্টির এ সমালোচকের অসংখ্য অনুসারী আছে।

২০১১ সালে একবার চীনে যাওয়ার পরও অনেক দিন ধরেই ইয়াংয়ের সন্ধান পাননি বন্ধুবান্ধবরা।

সেসময়ও চীনের এ সাবেক কূটনীতিক ‘নিখোঁজ’ হয়েছিলেন বলে সন্দেহ করা হয়েছিল। যদিও পরে ইয়াংয়ের সন্ধান মিলেছিল; ঘটনাটি পরে আবির্ভূত হয়েছিল ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে।

ফেং জানান, সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকবারই ইয়াংকে চীনে যেতে সতর্ক করলেও তার লেখক বন্ধু তাতে কর্ণপাত করেননি।