সাংবাদিক খুনে যাবজ্জীবন কারাদণ্ড গুরমিত রাম রহিমের
সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি খুনের মামলায় ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত।
এছাড়া, রাম রহিমের সঙ্গে সাজাপ্রাপ্ত বাকী তিনজন- কুলদীপ সিং, নির্মল সিং ও কৃষণ লালকেও আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
গত ১১ জানুয়ারি শুক্রবার সাংবাদিক রামচন্দ্রকে খুনের ঘটনায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছিল হরিয়ানার পাঁচকুলা বিশেষ আদালত। সেদিনই জানানো হয়েছিল ১৭ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার আদালত দোষী সব্যস্তদের যাবজ্জীবন সাজা ঘোষণার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার রূপি করে জরিমানাও করেছে।
রাম রহিম এর আগে তার দুই শিষ্যকে ধর্ষণের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার শাস্তি হিসেবে তিনি ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এর মধ্যে ফের নতুন সাজার কারণে তাকে এখন জেলেই পচতে হবে।
পুরা সচ' সংবাদপত্রের মালিক সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে ২০০২ সালের ২৪ অক্টোবরে নিজের বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়।
হরিয়ানার সিরসার ডেরায় নারীদের ওপর রাম রহিমের যৌন নির্যাতন নিয়ে খবর প্রকাশ করেছিলেন তিনি। এরপরই খুন হতে হয় তাকে।
পরের বছরই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়। ২০০৬ সালে তদন্তভার গ্রহণ করে ‘সেনট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (সিবিআই)।
