‘যুক্তরাষ্ট্রে ইরানের রাষ্ট্রীয় টিভির সাংবাদিক গ্রেপ্তার’
ইরানের ইংরেজি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির হয়ে কাজ করা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এক সংবাদিককে মার্কিন পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে প্রেস টিভি।
সাংবাদিক মার্জিয়ে হাশেমিকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কোনো কারণ দেখানো হয়নি বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় এই ব্রডকাস্টারটি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, “সেন্ট লুয়িস থেকে মার্জিয়ে হাশেমিকে গ্রেপ্তার করে ওয়াশিংটন ডিসির হেফাজতে পাঠানো হয়েছে, যদিও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি।
“তাকে রোববার সেন্ট লুয়িসের ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। এফবিআই তাকে এখন একটি ডিটেনশন কেন্দ্রে হস্তান্তর করছে।”
হাশেমি যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে গিয়েছিলেন বলে জানিয়েছে তারা।
বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
