ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার
বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ছেড়ে ২০১৯ সালের ১ জানুয়ারিতেই বেরিয়ে যাচ্ছে সদস্য দেশ কাতার।
দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল-কাবি সোমবার দোহায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
মন্ত্রী জানান, তার দেশ তেলের বদলে প্রকৃতিক গ্যাস উৎপাদনের ওপর জোর দেওয়ার জন্যই ওপেক ছেড়ে যাচ্ছে। তারা বছরে ৭ কোটি ৭০ লাখ টন থেকে বাড়িয়ে ১১ কোটি টন প্রাকৃতিক গ্যাস উৎপাদন করবে।
ওপেককে কাতারের সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী আল কাবি।
১৯৬১ সাল থেকে ওপেক এর সদস্য দেশ কাতার। প্রায় ৬০ বছর পর এ জোট থেকে বেরিয়ে যাচ্ছে দেশটি।
