২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের উত্তর কোরীয় সেনার পক্ষত্যাগের ঘটনা

উত্তর কোরিয়ার এক সৈন্য পক্ষত্যাগ করে তাদের সীমানায় ঢুকে পড়েছেন বলে জানিয়েছে দক্ষিণের সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2018, 12:28 PM

Updated : 25 Jul 2022, 08:40 PM

দুই কোরিয়ার মধ্যে তুলনামূলক উষ্ণ সম্পর্কের মধ্যেই নতুন এ পক্ষত্যাগের ঘটনা ঘটল।   

এরপরও উত্তরের সীমান্তে উত্তেজনার কোনো চিহ্ন নেই বলে শনিবার দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“পক্ষত্যাগী সেনাকে প্রথমে উত্তর থেকে সীমান্তের দিকে আসতে দেখা যায়; এরপর তিনি সামরিক ভেদরেখা অতিক্রম করে দক্ষিণে ঢুকে পড়েন,” বিবৃতিতে জানায় জেসিএস।

নিজেদের মধ্যে আস্থা বাড়াতে উভয় দেশই কয়েক সপ্তাহ আগেই সীমান্তের ওই ভেদরেখার দুই পাশ থেকে নিরাপত্তা রক্ষীদের চৌকি সরিয়ে নিয়েছিল।

দুই কোরিয়ার সেনাদের পক্ষত্যাগের ঘটনা তুলনামূলক বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে উত্তরের বেশ কজন সেনা সীমান্ত টপকে দক্ষিণে আশ্রয় নিয়েছেন। এমনই এক ঘটনায় পক্ষত্যাগী সহকর্মীর দিকে গুলিও ছুড়তেও দ্বিধা করেনি উত্তরের সেনারা।

পক্ষত্যাগী নতুন এ সেনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে জেসিএস।

চলতি বছর দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে হওয়া শীতকালীন অলিম্পিক থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। দেশ দুটির শীর্ষ নেতারা এরইমধ্যে বেশ কয়েকবার একত্রিত হয়েছেন; কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতেও সম্মত হয়েছেন তারা।

এরই অংশ হিসেবে শুক্রবার দক্ষিণের একটি ট্রেন সীমান্ত অতিক্রম করে উত্তরে পৌঁছায় বলেও জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ট্রেনটিতে যাওয়া দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা উত্তরের রেল অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবেন।

পিয়ংইয়ংয়ের উপর জাতিসংঘের জ্বালানি ও যন্ত্রপাতি পরিবহনে নিষেধাজ্ঞা থাকায় এ রেল যাত্রার জন্য দক্ষিণ কোরিয়াকে জাতিসংঘের ছাড়পত্রও নিতে হয়েছে।