রাজনৈতিক ও বাণিজ্য হুমকিতে জি-২০ সম্মেলন
রাশিয়া-ইউক্রেইনের নতুন উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য বিরোধ- এ দু’য়ের কালো ছায়ার মধ্যেই আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের জন্য জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে রাশিয়ার ইউক্রেইনের জাহাজ আটকের ঘটনার জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন।
ফলে জি-২০ সম্মেলনের ফাঁকে নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার যে কথা রয়েছে সেখানে এ দু’নেতার বৈঠকটি আর হচ্ছে না।
ওদিকে, শুল্ক নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানেও অগ্রগতির তেমন আশা নেই। কারণ, শক্তিশালী অর্থনীতির দুই দেশ যুক্তরাষ্ট্র এবং চীন বাণিজ্য যুদ্ধে লিপ্ত। এ লড়াই বরং আরো বাড়তে পারে।
ওদিকে, জলবায়ু পরিবর্তন নিয়ে নেতাদের মধ্যে মতবিভেদের কারণে সম্মেলনের যৌথ ঘোষণাপত্রে এ বিষয়ে সবার মতৈক্য পৌঁছানো সূদূর পরাহত হতে পারে।
তাছাড়া, সম্মেলনে সাংবাদিক জামাল খাশুগজি হত্যা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়া সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিকে নেতারা কিভাবে দেখবেন সেটিও একটি প্রশ্ন।
জি-২০ তে আছে বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত ১৯ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর দেশগুলো হচ্ছে, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
