২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের সৈকতে আটকা পড়ে আরো ৫১ তিমির মৃত্যু

নিউ জিল্যান্ডে ফের সৈকতে আটকা পড়ে তিমির মৃত্যুর ঘটনা ঘটেছে। এবারে চাথাম দ্বীপের সৈকতে পাওয়া গেছে ৫১ টি মৃত পাইলট তিমি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2018, 09:36 PM

Updated : 25 Jul 2022, 08:40 PM

এর আগে গত শনিবারেই দক্ষিণের প্রত্যন্ত স্টুয়ার্ট দ্বীপের সৈকতে পাওয়া গিয়েছিল ১৪৫টি মরা পাইলট তিমি।

চাথাম দ্বীপটি নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে প্রায় ৮শ’ কিলোমিটার দূরে অবস্থিত।

নিউজিল্যান্ডের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার ৮০ থেকে ৯০ টি তিমি হানসন বে তে আটকা পড়ে থাকতে দেখা যায়।

এর মধ্যে ৩০/৪০ টির মতো তিমি আবার সাগরে ভেসে গেছে। কিন্তু ৫০ টি তিমিকে মৃত পাওয়া গেছে। আর মুমূর্ষ অবস্থায় থাকা আরেকটি তিমি পরে মারা গেছে।

এ নিয়ে নিউজিল্যান্ডের ওই অঞ্চলে গত এক সপ্তাহে ২শ’রও বেশি তিমির মৃত্যু হল। সৈকতের পেছনদিকে বালির নিচে তিমিগুলোকে কবর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।