আফগানিস্তানে মার্কিন হেলিকপ্টার হামলায় নিহত ২৩: জাতিসংঘ
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার হামলায় নারী ও শিশুসহ ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে এক তদন্তে জানিয়েছে জাতিসংঘ।
বিবিসি জানায়, গত মঙ্গলবার হেলমান্দ প্রদেশে আফগান ও মার্কিন বাহিনীর যৌথ অভিযান চলাকালে একটি কম্পাউন্ডে এ হামলা চালানো হয়।
এতে নিহতদের ১০ জনই শিশু এবং ৮ জন নারী বলে অনুমান করছেন জাতিসংঘ তদন্তকারীরা। স্থানীয় অধিবাসীরা নিহতের সংখ্যা ৩০ উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ঘটনাটি তদন্ত করে দেখছে।
যুক্তরাষ্ট্র গত বছর নতুন আফগান কৌশল ঘোষণা করার পর থেকে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বেড়েছে।
আফগানিস্তানের দীর্ঘদিনের যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরো সেনা মোতায়েনের অঙ্গীকার করেছেন এবং ২০১৭ সালের অগাস্ট থেকে তালেবান ও অন্যান্য ইসলামিক গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা বাড়িয়েছেন।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত নেটো বাহিনী বলেছে, মঙ্গলবার জামশের এলাকায় মার্কিন বাহিনীর নির্দেশনায় আফগান বিশেষ বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের লড়াই চলার মাঝে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়।
নেটো বলেছে, তালেবান জঙ্গিরা ওই ভবনটি তাদের লড়াই চালানোর স্থান হিসাবে ব্যবহার করছিল। জঙ্গিরা বেসামরিক নাগরিকদেরকেও ঢাল হিসাবে ব্যবহার করেছে বলে নেটো অভিযোগ করেছে।
স্থানীয় এক অধিবাসী বিবিসি’কে জানান, যে ভবনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা হয়েছে সেটির কাছে আসলেই ছিল তালেবান যোদ্ধারা।
